ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় মোতায়েন রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের জান-মালের নিরাপত্তা রক্ষায় বিভিন্ন ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে কোস্ট গার্ড বিভিন্ন দুর্গম দ্বীপ ও উপকূলবাসীর নিকট আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে গত ১৮ জানুয়ারি হতে আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড দায়িত্বাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে কোস্ট গার্ড পূর্ব জোনের সদস্যগণ চট্টগ্রাম-২ আসনের আওতাধীন সন্দ্বীপ, কক্সবাজার-২ ও ৪ আসনের কুতুবদিয়া ও সেন্টমার্টিনে সর্বমোট ১২২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।
কোস্ট গার্ড বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। দুর্গম এলাকাসমূহের নির্বাচনী কেন্দ্রে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার্থে অত্যাধুনিক প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
যেকোন ধরনের সহিংসতা রোধে নির্বাচনী এলাকায় দায়িত্ব প্রাপ্ত সদস্যদের পাশাপাশি কোস্ট গার্ড এর জাহাজ ও উচ্চ গতি সম্পন্ন বোট এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলে নজরদারি চলমান রয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ইতোমধ্যে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নিমিত্তে পৃথক পৃথক অভিযানে ৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৫১ রাউন্ড তাজা গোলা, ১১ রাউন্ড তাজা কার্তুজ, ১৭ টি দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ জন আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর ও ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। ফলশ্রুতিতে, নির্বাচনী এলাকায় সাধারণ জনগণের মধ্যে ভোটবান্ধব পরিবেশ এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত মনোভাব উন্নত হয়েছে। ভবিষ্যতেও নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই সাথে, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে কোস্ট গার্ড পূর্ব জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ এবং এই দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে ‘ইনশা আল্লাহ’।
আমারবাঙলা/এনইউআ