লোহাগাড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্রসহ কালা বাবুল (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একই অভিযানে আরেক মামলার চার্জশিটভুক্ত আসামিকেও আটক করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাকফিরানী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী চাকফিরানী এলাকার মো. ইউনুসের পুত্র কালা বাবুলের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে একটি এলজি, দুইটি কার্তুজ, সাতটি রামদা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অপরদিকে, একই এলাকায় তৌহিদ বাহিনীর বাড়িতে চালানো অভিযানে মামলার চার্জশিটভুক্ত আসামি আবু তাহেরকে (৬৫) গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আনু মিয়ার পুত্র এবং তৌহিদ বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে পুলিশ জানিয়েছে।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্রসহ গ্রেপ্তার কালা বাবুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে একইদিন আদালতে সোপর্দ করা হবে।