টানা তিনটি ব্লকবাস্টার ছবির পর এবার ‘কিং’ নিয়ে বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। সিনেমাটির টিজার ইতোমধ্যে আলোচনায় এসেছে, আর পূর্ণাঙ্গ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং’ নির্মাণে ব্যয় হতে পারে ৪৫০ কোটি রুপি। এমন হলে এটি হবে শাহরুখের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা। এর আগে সবচেয়ে বেশি বাজেটের তালিকায় শীর্ষে ছিল ‘জওয়ান’।
এবার কি তবে ‘জওয়ান’কেও ছাড়িয়ে যাচ্ছে ‘কিং’? না, তেমন কোনো নিশ্চয়তা মিলল না। বরং নির্মাতা সিদ্ধার্থ আনন্দ জানালেন, খবরটা সত্য নয়। ছবির বাজেট নিয়ে যখন আজ আলোচনা শুরু হলো, তখন সিদ্ধার্থ এক্স-এ লিখলেন, ‘ফলস’ (মিথ্যা)। যদিও তিনি স্পষ্ট করেননি, তবে সহজেই আঁচ করা যায়, ‘কিং’-এর বাজেট নিয়েই এ প্রতিক্রিয়া দিয়েছেন নির্মাতা।
প্রথম দিকে ‘কিং’ পরিচালনার দায়িত্ব ছিল চিত্রনাট্যকার সুজয় ঘোষের হাতে। তিনি সরে দাঁড়ালে দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এর আগে শাহরুখকে নিয়ে ব্লকবাস্টার ‘পাঠান’ বানিয়েছেন।
'কিং'-এর দৃশ্যে শাহরুখ খান
নতুন ছবিতে অনেক তারকার সমন্বয় করা হচ্ছে। শাহরুখের সঙ্গে প্রথমবার পর্দা ভাগাভাগি করবেন তার কন্যা সুহানা খান। এছাড়াও আছেন অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর, রাঘব জুয়াল প্রমুখ। শোনা যাচ্ছে, ১৯৯৪ সালের ফরাসি অ্যাকশন-ড্রামা ‘লিও: দ্য প্রফেশনাল’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি।
আমার বাঙলা/ রাব্বি