শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রাঙ্গাবালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩,১০,৬১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৬,৫৯২ জন, নারী ভোটার ১,৫৪,০২০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৫ জন। সারাদেশের সঙ্গে একযোগে এ আসনের ১১১টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
রাঙ্গাবালী উপজেলার ৬টি ইউনিয়নের ৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৬,১০৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮,৩৫০ জন, নারী ভোটার ৪৭,৭৫৭ জন এবং হিজড়া ভোটার ২ জন। এছাড়া এ উপজেলায় ৬০৭ জন ভোটার পোস্টাল ভোট প্রদান করেছেন।
ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে এবার প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে রয়েছে বডি-ওয়ার্ন ক্যামেরা।
নির্বাচনকে কেন্দ্র করে উপজেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছেন নৌবাহিনীর ১০১ জন, কোস্টগার্ডের ৯০ জন এবং পুলিশের ১২৩ জন সদস্য। তাদের সহযোগিতায় রয়েছেন আনসার সদস্যরা। মাঠপর্যায়ে পরিস্থিতি তদারকির জন্য দায়িত্ব পালন করছেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রশাসন জানিয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের ৫৫ নং ছোটবাইশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার মো. নিজাম মৃধা বলেন, “এবার আমরা কোনো ভয়ভীতি ছাড়াই ভোট দিয়েছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভালো লাগছে।”
উপজেলার চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের তরুণ ভোটার মো. জামিল বলেন, “জীবনের প্রথম ভোট দিলাম। আমাদের এলাকায় নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী এবিএম মোশারেফ হোসেন, ১১ দলীয় জোট (খেলাফত মজলিস) মনোনীত প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমান।
আমারবাঙলা/এসএবি