চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২৮ পিস ইয়াবাসহ উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনকে আটক করেছে যৌথবাহিনী। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরও ছয়জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার বরুমচড়া ১ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, সাহাব মিয়া মেম্বারের বাড়ির সংলগ্ন নিজ বাড়ি থেকে সালাউদ্দিন সুমনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
আটক সালাউদ্দিন সুমন একই এলাকার বাসিন্দা এবং আনোয়ারা উপজেলা কৃষকদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ তুলে কিছু ছবি ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেনাবাহিনী মঙ্গলবার দিবাগত রাতে ২৮ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছে। পাশাপাশি আরও ছয়জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।