আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হচ্ছে বিশ্ব ফুটবল সবচেয়ে বড় আসর। কিন্তু ফিফা বিশ্বকাপের ২৩তম সংস্করণে বাঁশি বাজার আগেই টুর্নামেন্টকে ঘিরে তৈরি হয়েছে একাধিক বিতর্ক ও জটিলতা। টিকিটের চড়া দাম, ভিসা জটিলতা, যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি এবং নিরাপত্তা ইস্যু নিয়ে ব্যাপক চলছে সমালোচনা। এসব বিষয়ে মুখ খুলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি ফুটবল ভক্তদের ‘চিল’ করার পরামর্শ দিয়েছেন।
মেক্সিকোতে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে টিকিটের মূল্য নিয়ে ওঠা সমালোচনার জবাব দেন ইনফান্তিনো।
তিনি বলেন, যদি টিকিট বিক্রির ক্ষেত্রে ফিফা কোনো ভুল করে থাকে, তবে উত্তর আমেরিকার টিকিট বাজারের অন্যরাও একই ভুল করছে। তার মতে, কম দামে টিকিট বিক্রি করা হলে সেগুলো কালোবাজারে আরও বেশি দামে বিক্রি হতো এবং সেই লাভ ফুটবলের পরিবর্তে অসাধু ব্যবসায়ীদের পকেটে যেত।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ১৪০ ডলার। অন্যদিকে ফাইনালের সাধারণ আসনের টিকিটের দাম কয়েক হাজার ডলার ছাড়িয়েছে। হসপিটালিটি প্যাকেজের মূল্য আরও বেশি হওয়ায় শুরু থেকেই সমালোচনার মুখে পড়ে ফিফা। পরে নিয়মিত সমর্থকদের জন্য সীমিত সংখ্যক ৬০ ডলারের টিকিট ছাড়ে সংস্থাটি। ইনফান্তিনোর দাবি, এই ক্যাটাগরিতে প্রায় এক লাখ ৩০ হাজার টিকিট বরাদ্দ দেওয়া হয়েছে।
টিকিট বিক্রির পদ্ধতি নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, নিউজার্সি ও টেক্সাসে তদন্ত চলছে। তবে এসব নিয়ে উদ্বিগ্ন নন ফিফা সভাপতি। তার ভাষ্য, টিকিট বিক্রির প্রক্রিয়া শুরুর আগে আইনজীবী ও বিশেষজ্ঞদের মাধ্যমে সব দিক যাচাই করা হয়েছে এবং যেকোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত ফিফা।
টিকিট বিতর্কের পাশাপাশি বিশ্বকাপের আগে ভিসা ও নিরাপত্তা ইস্যুতেও তৈরি হয়েছে আলোচনা। যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনের জন্য আসা সোমালিয়ার রেফারি ওমর আর্তানকে নিরাপত্তা উদ্বেগের কারণে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে ইরানের সমর্থকদের টিকিট বাতিল এবং সেনেগাল ও উজবেকিস্তানের খেলোয়াড় ও কর্মকর্তাদের অতিরিক্ত নিরাপত্তা তল্লাশির অভিযোগও উঠেছে।
এসব বিষয়ে ইনফান্তিনো স্বীকার করেন, ফিফার ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। তিনি বলেন, সবকিছু ফিফার নিয়ন্ত্রণে নেই। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিদ্ধান্তকেও সম্মান করতে হচ্ছে। আমরা আলোচনা করব, কথা বলব। কখনও কখনও একটু শান্ত (চিল) থাকা, অপেক্ষা করাও ভালো। অনেক সময় পরিস্থিতি শান্তভাবে পর্যবেক্ষণ করে সমাধানের চেষ্টা করাই সবচেয়ে ভালো পথ।
নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে ইনফান্তিনো বলেন, বর্তমান বিশ্ব অনেক বেশি সংবেদনশীল ও জটিল। তাই বিভিন্ন দেশের নিরাপত্তা সিদ্ধান্তকে সম্মান জানিয়ে ফিফা পর্দার আড়ালে সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে।
ইরানের জাতীয় দলকে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিকে ফিফার একটি বড় সাফল্য বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, নানা আন্তর্জাতিক জটিলতার মধ্যেও দলটিকে টুর্নামেন্টে আনা সহজ কাজ ছিল না।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন ফিফা সভাপতি। তিনি বলেন, মার্কিন প্রশাসনের সহযোগিতা ছাড়া এত বড় একটি বৈশ্বিক আয়োজন সফলভাবে করা সম্ভব হতো না। একই সঙ্গে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তিনি জানান, কেবল বাণিজ্যিক লাভের দিকে নজর দিলে ফিফা আরও বিপুল অর্থ আয় করতে পারত। তবে কোটি কোটি দর্শকের কাছে বিশ্বকাপ পৌঁছে দিতেই সংস্থাটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করেছে।
আমার বাঙলা/আরএ