টালিউডের রুপালি পর্দায় দেব ও শুভশ্রী গাঙ্গুলীর জুটি মানেই দর্শকদের বাড়তি উচ্ছ্বাস। দীর্ঘ প্রতীক্ষার পর ঠিক এক বছর আগে তাদের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ধুমকেতু’র ট্রেলার প্রকাশকে ঘিরে তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। সেই স্মরণীয় মুহূর্তের এক বছর পূর্তিতে আবারও ভক্তদের আবেগে ভাসালেন দেব।
২০১৫ সালে নির্মিত হলেও নানা জটিলতায় দীর্ঘদিন মুক্তি আটকে ছিল ‘ধুমকেতু’র। অবশেষে গত বছর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রকাশ করা হয় ছবিটির ট্রেলার। নাচ, গান ও আড্ডায় মুখর সেই অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে তৈরি হয়েছিল এক অনন্য আবহ।
ট্রেলার প্রকাশের বর্ষপূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভশ্রীর সঙ্গে তোলা কয়েকটি রোমান্টিক ছবি শেয়ার করেছেন দেব। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এক বছর আগে বাংলা সিনেমা সাক্ষী হয়েছিল এক ইতিহাসের। ‘ধুমকেতু’র ট্রেলার লঞ্চ শুধু একটি ইভেন্ট ছিল না, এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি। এই অসাধারণ দিনটিকে সম্ভব করে তোলার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’
দেবের এই পোস্ট প্রকাশের পরই ভক্তরা স্মৃতিচারণে মেতে ওঠেন। অনেকে আবার দ্রুত ‘ধুমকেতু’র মুক্তির অপেক্ষার কথাও মন্তব্যে তুলে ধরেন।
আমার বাঙলা/ রাব্বি