ছবি: সংগৃহীত
জাতীয়

আগস্টে যোগদানের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।

রোববার (২ আগস্ট) সকাল থেকে জাতীয় জাদুঘরের সামনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হন। দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আন্দোলনরত শিক্ষকদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী এখনো যোগদানের সুযোগ পাননি। চূড়ান্ত ফল প্রকাশের ১৭৫ দিন পেরিয়ে গেলেও তাদের পদায়ন বা যোগদানের বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা নিয়োগ বিধিমালা অনুযায়ী আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের সুনির্দিষ্ট ঘোষণা দাবি করেন।

এর আগে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগ–সংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভা শেষে সচিব মো. সাখাওয়াত হোসেন জানান, তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতার কারণে নিয়োগ কার্যক্রমে বিলম্ব হয়েছে। তিনি বলেন, আগামী ২৯ অক্টোবর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষককে যোগদান করানো হবে। এরপর তাদের পদায়ন সম্পন্ন করা হবে এবং পর্যায়ক্রমে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

তবে আজ (রোববার) সকালে যোগদানের তারিখ পুনর্নির্ধারণ করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। যথাসময়ে তাদের নিয়োগপত্র পাঠানো হবে। যোগদানের পর পদায়ন সম্পন্ন করা হবে এবং পরবর্তী সময়ে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এদিকে নতুন তারিখ ঘোষণার পরও আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেননি সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তাদের প্ল্যাটফর্মের নেতা দেবব্রত সরকার বলেন, চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও দীর্ঘদিন ধরে তারা বেকার অবস্থায় রয়েছেন। অক্টোবর পর্যন্ত অপেক্ষা করা তাদের জন্য অত্যন্ত কষ্টকর। তাই তারা এখনো আগস্টের মধ্যেই যোগদান ও পদায়নের ঘোষণা দাবি করছেন। মন্ত্রণালয় এ বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিলে কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন জেলার কয়েকজন সুপারিশপ্রাপ্ত শিক্ষক বলেন, নিয়োগের সব ধাপ শেষ হওয়ার পরও দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকতে হচ্ছে। দ্রুত বিদ্যালয়ে যোগদান ও পদায়নের সুযোগ পেলে তারা শিক্ষার্থীদের পাঠদানে যুক্ত হতে পারবেন। দীর্ঘ অপেক্ষা তাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। পরে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। তবে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নিয়োগের সব ধাপ শেষ হলেও এখনো তারা যোগদান করতে পারেননি।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা