রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে চিহ্নিত পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ও ঈশ্বরদী খাদ্য গুদাম পরিদর্শন করেছেন বিভাগীয় কেপিআই মনিটরিং টিমের প্রধান ও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার শামীম হোসেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলার কেপিআইভুক্ত এসব গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন তিনি। এ সময় স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত অবস্থা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন অতিরিক্ত ডিআইজি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, বগুড়া ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন আল-আমিন খান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপপরিচালক এবিএম লুৎফুল করীম, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার এবং ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান। এ ছাড়া পুলিশ ও খাদ্য সংরক্ষণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে কেপিআইভুক্ত স্থাপনাগুলোর নিরাপত্তা আরও কার্যকর ও জোরদার করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন খন্দকার শামীম হোসেন। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাপনা ও অবকাঠামোগত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং তা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবেই এ পরিদর্শন করা হয়েছে।
আমার বাঙলা/ রাব্বি