ছবি: সংগৃহীত
জাতীয়
২৪ সেপ্টেম্বর বাংলায় বক্তব্য

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এই প্রথম জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের সামনে তার প্রথম ভাষণে নতুন বাংলাদেশ নিয়ে বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা কি হবে তা এখন প্রবাসীদের আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে স্থান পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দেবেন। এই ভাষণে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহি, জলবায়ু পরিবর্তন এবং দীর্ঘায়িত রোহিঙ্গা সঙ্কটের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়গুলো প্রাধান্য পাবে।

এবারের জাতিসংঘ সফরটি প্রবাসীদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ দেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম জাতিসংঘ সফর। একইসাথে তিনি জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের মঞ্চে ভাষণ দিতে যাচ্ছেন। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন।

সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে প্রধানমন্ত্রীর জাতিসংঘের অধিবেশনে যোগদানে নিউইয়র্ক এলেও জাতিসংঘের বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না। ফলে তাকে ঘিরে আয়োজিত নাগরিক সংবর্ধনাও হচ্ছে না। এমনকি ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকোতে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সাথে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটিও বাতিল হয়েছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের জন্যে প্রধানমন্ত্রী সফরসূচি কিছুটা সংক্ষিপ্ত করে তিনি ঢাকার উদ্দেশে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক ত্যাগ করবেন।

অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের সভাপতি তারই মন্ত্রী সভার অন্যতম সদস্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সাশ্রয়ী এই সফরে সব চাইতে ক্ষুদ্র সফরসঙ্গী নিয়ে তিনি নিউইয়র্কে মাত্র চার দিন অবস্থান শেষে ২৫ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

প্রতি বছর জাতিসংঘ সদরদফতরে অনুষ্ঠিত এই অধিবেশন বিশ্ব কূটনীতির অন্যতম বড় মঞ্চ হিসেবে বিবেচিত হয়। বিভিন্ন দেশের নেতারা তাদের বক্তব্য তুলে ধরার পাশাপাশি সাইড লাইনে দ্বিপক্ষীয় ও বহুজাতিক বৈঠকে অংশ নেন। ফলে নিউইয়র্ক পরিণত হয় বিশ্ব রাজনীতি ও কূটনীতির কেন্দ্রবিন্দুতে। তারই ধারাবাহিকতায় এবারো অধিবেশনকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা একত্রিত হয়েছেন। বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, অর্থনীতি, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতাসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে এখানে আলোচনা হবে।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান সাধারণ অধিবেশনে ভাষণের আগে ২২ সেপ্টেম্বর তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে আয়োজিত এক স্বাগত প্রাতরাশ সভায় যোগ দেবেন। পরবর্তী সময়ে তিনি অন্য বিশ্বনেতাদের সাথে সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন এবং সন্ধ্যায় রাষ্ট্র ও সরকার প্রধান এবং তাদের জীবনসঙ্গীদের সম্মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

পরদিন ২৩ সেপ্টেম্বর সকালে তিনি আন্তর্জাতিক দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সাথে একটি প্রাতরাশ সভায় মতবিনিময় করবেন। পরবর্তী সময়ে তিনি ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, নরওয়ে এবং স্পেনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বৈশ্বিক বৈষম্য সঙ্কট মোকাবেলা’ বিষয়ক একটি সভায় বক্তব্য দেবেন।

এছাড়া তিনি জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত ‘জলবায়ু পদক্ষেপ ও ন্যায়ঙ্গত উত্তরণ’ শীর্ষক এক উচ্চপর্যায়ের বৈঠকেও যোগ দেবেন। একই দিনে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুততম সময়ে প্রত্যাবাসন নিশ্চিত করতে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে রোহিঙ্গা সঙ্কট বিষয়ক একটি পার্শ্ব-অনুষ্ঠানে অংশ নেবেন।

পররাষ্ট্র সচিব জানান, জলবায়ু-সংক্রান্ত বৈঠকগুলোতে প্রধানমন্ত্রী একটি জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন, যেখানে জলবায়ু অর্থায়ন, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর, ক্ষয়ক্ষতি ও জলবায়ু ন্যায়বিচারের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে।

অন্যদিকে ২৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে সৃষ্টি হওয়া অস্তিত্বের হুমকি নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে উদ্বোধনী বক্তব্য দেবেন। এছাড়া তিনি বাংলাদেশ আয়োজিত দু’টি গুরুত্বপূর্ণ পার্শ্ব-অনুষ্ঠানেও অংশ নেবেন।

একই দিনে তিনি প্রধান অতিথি হিসেবে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং ধাত্রীবিদ্যা সংক্রান্ত আরেকটি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এতে তিনি মাতৃ ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় নতুন সরকারের গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন এবং দক্ষ ও পেশাগতভাবে প্রশিক্ষিত ধাত্রী সেবার গুরুত্বের ওপর জোর দেবেন।

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রীর সাথে কুয়েতের ক্রাউন প্রিন্স এবং ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীদের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সঙ্কটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়া কথা।

এর বাইরেও জাতিসংঘ মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত এবং জাতিসংঘের শরণার্থী ও মানবাধিকার বিষয়ক হাইকমিশনারদের সাথেও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ও ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্টের সাথেও বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। সরকারের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী মেটা, ওয়াল স্ট্রিট এবং বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের জ্যেষ্ঠ প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন। ৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সময় রাত ১১টায় এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে তিনি ঢাকা ফিরবেন।

প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক আগমনকে স্মরণীয় করে রাখতে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে স্বাগত ব্যানার ও পোস্টার লাগানো হয়েছে। সাধারণ প্রবাসীদের মধ্যেও বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন কর্মপরিকল্পনা ও রূপরেখা শোনার জন্য এক ধরনের বিশেষ কৌতূহল লক্ষ্য করা হচ্ছে।

এ বিষয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য মিজানুর রহমান ভুঁইয়া, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আবু সাঈদ আহমদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন।

তাদের ভাষ্য, নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো ছাড়াও প্রবাসী বাংলাদেশীদের ব্যবসায়ী, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে পৃথক মতবিনিময় সভার কথা রয়েছে। ইতোমধ্যেই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, বাফেলো, মিশিগান, টেক্সাস, জর্জিয়াসহ বিভিন্ন প্রদেশ ও ইউরোপের বিভিন্ন দেশের অনেক নেতাকর্মী নিউইয়র্কে এসেছেন।

আমার বাঙলা/রাজীব

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলে...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা