রাজধানীর সাথে নারায়ণগঞ্জ এবং মুনশীগঞ্জের সড়ক ব্যবস্থার আধুনিকায়নের কাজ এখন অনেকটাই দৃশ্যমান। মহাপরিকল্পনার দ্বিতল সড়ক এখন আর স্বপ্ন নয়,চোখের সামনে দৃশ্যমান বাস্তব।
যানবাহন চলাচলের জন্য ৮ কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেস চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পুর্ণরুপে উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যদিও মূল পরিকল্পনায় ২০২৫ সালের জুন মাসের মধ্যে কাজ শেষ করার মেয়াদ নির্ধারণ করা হয়েছিল। কিন্ত পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে কাজ বন্ধ থাকা এবং কাজের ধীর গতির কারণে নতুন করে ২০২৬ সালের জুন মাস এবং সর্বশেষ আগামী ডিসেম্বর নাগাদ নির্মাণ কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
তবে আশার কথা হচ্ছে,প্রকল্পের সম্পুর্ণ কাজ ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এর এলিভেটেড (দোতলা) এক্সপ্রেস আগামী সেপ্টেম্বরের মধ্যেই চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হতে পারে।
২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকা বাজেটের এই প্রকল্পের অগ্রগতি এখন ৯০ শতাংশের বেশী।
প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ ও মুনশীগঞ্জের অর্থনীতিতে বড় অবদান রাখবে।
উপর তলার দুই লেনের পাশাপাশি নীচ তলার চার লেন সড়ক তৈরীর জন্য একপাশে বড় ড্রেন ও আরেক পাশে বিদ্যুত,গ্যাস এবং ইন্টারনেটের জন্য দুটি করে ইউটিলিটি ডাক পাইপ স্থাপনের পর ঢালাইয়ের কাজ চলছে।
মুনশীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ হয়ে রাজধানীর সাথে সহজ সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে মাদারীপুরের ভাঙ্গার আদলে তৈরী হচ্ছে পঞ্চবটির মোড়।
বর্তমানে সড়কটি দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ২৩ হাজার যানবাহন চলাচল করছে।
দিনরাত তিন শিফটে কাজ চালিয়ে নেয়ার ফলে আগামী ডিসেম্বরের মধ্যেই চলাচলের জন্য সম্পূর্ণরুপে উন্মুক্ত করে দেয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আমার বাঙলা/ রাব্বি