নরসিংদীর মনোহরদী উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দেশীয়ভাবে তৈরি বাংলা মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার চালাকচর ইউনিয়নের বেপারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন, চালাকচর ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মোঃ জাকির হোসেন (৪০) এবং চেঙ্গাইন গ্রামের আমির হোসেন রতন (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলামের নেতৃত্বে এস আই মোঃ শাহিনুর সহ পুলিশের একটি দল বেপারীপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় স্থানীয় সাত্তারের বাড়িতে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের পানির বোতলে সংরক্ষিত প্রায় ২ লিটার দেশীয়ভাবে তৈরি বাংলা মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোঃ জাকির হোসেন ও আমির হোসেন রতনকে আটক করা হয়।
পরে বিষয়টি মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়াকে অবহিত করা হলে, তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতে উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মনোহরদী থানার ওসি মোঃ শাহিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মনোহরদী উপজেলাকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে। এক্ষেত্রে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।