নির্বাচন-পরবর্তী সময়ে দলের নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বা হয়রানির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। এ ধরনের অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আপেল মাহমুদ।
রোববার কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিআইজি আপেল মাহমুদ বলেন, “নির্বাচনের পর কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি কোনো রাজনৈতিক দলের নাম ব্যবহার করে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে বা ভয়ভীতি দেখায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দলের হাই কমান্ড থেকেও স্পষ্ট নির্দেশনা রয়েছে- দুষ্কৃতিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।”
তিনি জানান, এখন পর্যন্ত ট্যুরিস্ট পুলিশের কাছে চাঁদাবাজির কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য আসেনি। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। “ব্যবসায়ীদের হয়রানি বা চাঁদাবাজির কোনো সুযোগ নেই। কেউ অভিযোগ পেলে সরাসরি আমাদের জানাতে পারেন,” বলেন তিনি।
কক্সবাজার দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হওয়ায় এখানে নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ স্বাভাবিক রাখা প্রশাসনের অগ্রাধিকার বলে জানান ডিআইজি। তিনি বলেন, পর্যটক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ নিয়মিত টহল জোরদার করেছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রশাসনের এমন কঠোর অবস্থান ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে তারা আশা করছেন।
ট্যুরিস্ট পুলিশ বলছে, কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো অপচেষ্টা রুখে দিতে পুলিশ প্রস্তুত আছে এবং প্রয়োজনে সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
আমারবাঙলা/এনইউআ