দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯২ জনের শরীরে হাম শনাক্তের তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবের পর থেকে এ পর্যন্ত সরকারি হিসাবে হামে সরাসরি আক্রান্ত হয়ে ১০১ জন এবং উপসর্গ নিয়ে ৯৬৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত প্রায় ছয় মাসে প্রাণহানির সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৫ জনে।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৩৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেটে ১৬৯, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৮, চট্টগ্রামে ৭৬, বরিশালে ৬০, খুলনায় ৪১ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ২৫৭ জন রোগী এসেছে, যার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭৬ জন। এ নিয়ে সারাদেশের হাসপাতালে চিকিৎসাধীন ও ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬০ হাজার ৯৮০ জনে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫১০ জন।
বর্তমানে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৯২ জন এবং এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাসপাতালে আসা বা বাইরে থাকা সব রোগীর হামের পরীক্ষা না হওয়ায় শনাক্ত রোগীর প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
আমার বাঙলা/রাজীব