মেহেরপুরের গাংনীতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে তানভীর আহমেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোররাত ৪টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত তানভীর আহমেদ গাংনী উপজেলার আনন্দবাস গ্রামের রাশিদুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তানভীর। ঘুমের মধ্যেই কোনো একসময় তাকে সাপে কামড় দেয়। তবে সে সময় বিষয়টি বুঝতে পারেননি পরিবারের কেউ। পরে শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।
তানভীরের বাবা রাশিদুল ইসলাম বলেন, ঘুমের মধ্যে সাপে কামড় দেওয়ার বিষয়টি তারা প্রথমে বুঝতে পারেননি। পরে ছেলের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। হাসপাতালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আমার বাঙলা/ রাব্বি