মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন ভারতীয় অভিনেত্রী অনন্যা রাজ। গত ১৫ জুলাই তার মৃত্যু হলেও এতদিন বিষয়টি প্রকাশ্যে আসেনি। মৃত্যুর প্রায় এক মাস পর গত রোববার অভিনেত্রীর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেই তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর দিন ১৫ জুলাই সামাজিক মাধ্যমে নিজের শারীরিক অসুস্থতা ও মানসিক বিপর্যস্ততার কথা জানিয়ে একটি পোস্ট করেছিলেন অনন্যা। রোববার সকালে সেই পোস্টটি শেয়ার করে অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকেই একটি শোকবার্তা প্রকাশ করেন পরিবারের সদস্যরা।
বিবৃতিতে অনন্যার পরিবার জানায়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে তারা অভিনেত্রীর মৃত্যুর খবর জানাচ্ছেন। গত প্রায় এক বছর ধরে তিনি শারীরিক ও মানসিক নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করে গেছেন তিনি। পরিবার আরও জানায়, অনন্যা সবসময় প্রাণবন্ত ছিলেন এবং জীবনকে নিজের মতো করে উপভোগ করতেন। তার অকালমৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
পরিবারের পক্ষ থেকে অনন্যার আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য সবার কাছে অনুরোধ জানানো হয়েছে।
২০১৬ সালে ‘সেভেন আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন অনন্যা রাজ। পরে ‘দ্য ফাইনাল এক্সিট’ ও ‘ঘোস্ট’-সহ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি পান তিনি।
অল্প বয়সেই সম্ভাবনাময় এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসায় ভারতের বিনোদন অঙ্গন ও তার ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
আমার বাঙলা/ রাব্বি