ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি ভিডিওটি প্রকাশ করেছে। তার শারীরিক অবস্থা নিয়ে কয়েক মাস ধরে নানা জল্পনা চলার মধ্যেই নতুন এই ভিডিও সামনে এলো।
রোববার (৯ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ফেব্রুয়ারিতে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় মোজতবা খামেনির বাবা ও পূর্বসূরি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি।
মেহের নিউজ জানিয়েছে, ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মোজতবা খামেনির একটি ভিডিও প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে। মাত্র ১২ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে স্বাভাবিক ও সুস্থ অবস্থায় দেখা যায়। এ সময় আশপাশে থাকা কয়েকজনের সঙ্গে কথাও বলতে দেখা গেছে তাকে।
গত ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা খামেনির মুখ ও পায়ে গুরুতর আঘাত লাগে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল। তবে নতুন ভিডিওটি ঠিক কখন বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে গত ২০ মার্চ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি মোজতবার একটি ভিডিও প্রকাশ করেছিল। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলা হয়েছিল, প্রথমবারের মতো আয়াতুল্লাহ মোজতবা খামেনির ধর্মীয় বিজ্ঞান শিক্ষার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
গত ৮ মার্চ ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে মোজতবা খামেনি একাধিক লিখিত বিবৃতি দিয়েছেন। তবে এ সময় তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। এমনকি ৫৬ বছর বয়সী মোজতবাকে গত মাসে তার বাবার দাফনেও দেখা যায়নি।
চলতি সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, মোজতবার সঙ্গে যোগাযোগ করা বর্তমানে বেশ কঠিন। তবে তার উপস্থিতি তাদের জন্য ‘শক্তির বড় উৎস’ হিসেবে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এটি তাদের কাজ চালিয়ে যেতে উৎসাহ জোগাচ্ছে।
এর আগে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, মোজতবা ‘৯০ শতাংশ শেষ’ হয়ে গেছেন। অন্যদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪ সম্প্রতি তার শারীরিক অবস্থা ‘গুরুতর’ বলে দাবি করেছে।
আমার বাঙলা/ রাব্বি