সিএনজি ফিলিং স্টেশন থেকে খোলা ক্যাসকেড সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস বিক্রি বন্ধ এবং সার্বক্ষণিক গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে ‘২৪ ঘণ্টা সিএনজি (গ্যাস) সরবরাহ বাস্তবায়ন ঐক্য পরিষদ’।
সংগঠনটির দাবি, গ্যাস সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এতে পরিবহন খাতে প্রতিদিন প্রায় ১২৫ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে এবং নষ্ট হচ্ছে প্রায় ৯ কোটি কর্মঘণ্টা।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের আহ্বায়ক বেলাল আহমেদ। তিনি বলেন, ২০০২ সাল থেকে দেশে পরিবেশবান্ধব সিএনজিচালিত যানবাহনের ব্যবহার শুরু হয়। বর্তমানে প্রায় ৫০ লাখ সিএনজিচালিত যানবাহন সড়কে চলাচল করছে। তবে সম্প্রতি মহেশখালী এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে তীব্র গ্যাস সংকট তৈরি হয়েছে।
তিনি জানান, সিএনজি স্টেশনগুলোতে স্বাভাবিকভাবে ১৫ পিএসআই গ্যাস চাপ থাকার কথা থাকলেও বর্তমানে তা কমে ৪ থেকে ৫ পিএসআইয়ে নেমে এসেছে।
বেলাল আহমেদ অভিযোগ করেন, গ্যাস সংকটের মধ্যেও কিছু অসাধু পাম্প মালিক রাতের বেলায় এবং সরকার নির্ধারিত বন্ধের সময় (সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা) কাভার্ডভ্যান ও ক্যাসকেড সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস সরবরাহ করছে। গ্যাস আইন-২০১০ ও বিপণন নীতিমালা-২০১৪ অনুযায়ী পাম্প থেকে সিলিন্ডারে গ্যাস বিক্রি নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
এ ছাড়া তৈরি পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএ পাম্প থেকে সিলিন্ডারের মাধ্যমে শিল্প খাতে গ্যাস সরবরাহের অনুমোদনের চেষ্টা করছে বলেও অভিযোগ করে এর প্রতিবাদ জানায় পরিষদ।
সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে— দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা চালু রাখা, অবৈধভাবে সিলিন্ডার ও কাভার্ডভ্যানে গ্যাস সরবরাহ বন্ধ করা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সিএনজি স্টেশনগুলোর জন্য নির্ধারিত গ্যাসের পৃথক সরবরাহ লাইন স্থাপন করা।
এ ছাড়া বৈধ সিএনজিচালিত যানবাহনে গ্যাস সরবরাহ নিশ্চিত করা, ‘আগে এলে আগে পাবেন’ পদ্ধতি চালু, ভিআইপি সুবিধা বন্ধ, কৃত্রিম সংকট ও মিটার কারসাজি রোধ এবং ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবিও জানানো হয়।
দাবি বাস্তবায়ন না হলে আগামী ১৬ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল বৈঠক এবং ২৪ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে গণজমায়েত ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মো. গোলাম ফারুকসহ সিএনজিচালিত পরিবহন খাতের মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
আমার বাঙলা/ রাব্বি