ঢালিউড মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে কাটানো বিশেষ মুহূর্তের ছবি আবারও আলোচনায় এসেছে। এক বছর আগের সেই স্মৃতি সামাজিক মাধ্যমে পুনরায় শেয়ার করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী।
সোমবার (৩ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে ২০২৫ সালের একই দিনে দেওয়া একটি পোস্টের স্মৃতি (মেমোরি) শেয়ার করেন চয়নিকা চৌধুরী। সেখানে তিনি লেখেন, ‘মেমোরি, এই দিনে... টাইম ফ্লাইস ফাস্ট...(সময় দ্রুতই চলে যায়)।’
পুরোনো সেই পোস্টে শাকিব খান ও বুবলীর সম্পর্ক এবং তাদের সন্তান বীরের প্রতি দায়িত্ববোধের বিষয়টি তুলে ধরে চয়নিকা লিখেছিলেন, ‘আজকের এই বন্ধু দিবসে এই ছবিগুলো দেখে আনন্দে চোখে জল এলো। কিছু সম্পর্কের টান এমনই হয়। সময়, দূরত্ব কিংবা নীরবতা কোনো কিছুই তা থামিয়ে রাখতে পারে না। তারা হয়তো দুটি আলাদা মানুষ, কিন্তু গল্পটা সবসময়ই এক—তারা দুজনেই শেহজাদ খান বীরের মা ও বাবা।’
ছবিগুলোতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের একটি পার্কে সবুজ ঘাসের ওপর ছেলে বীরকে নিয়ে সময় কাটাচ্ছেন শাকিব খান ও বুবলী। তাদের গল্প করা ও একান্ত সময় কাটানোর সেই মুহূর্তগুলো তখন ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনের অনেকের মনও ছুঁয়ে যায়।
বর্তমানে শাকিব খান তার নতুন সিনেমা ‘সোলজার’ নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে বুবলী দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। গত ১১ মে তার কন্যাসন্তানের জন্ম হয়। শিশুটির নাম রাখা হয়েছে শারলিন খান। সন্তান জন্মের পর থেকে বুবলীকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি। শাকিব খানও প্রকাশ্যে থাকলেও কন্যাসন্তান নিয়ে কোনো মন্তব্য করেননি। এ নিয়ে ভক্তদের মধ্যে নানা আলোচনা চলছে।
আমার বাঙলা/ রাব্বি