স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যোগ্যতা ও দলের প্রতি ত্যাগের বিষয় বিবেচনা করেই প্রার্থী বাছাই করা হবে। কোনো দুর্বল বা অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হলে অন্যরা সেই সুযোগ কাজে লাগাবে। তাই দলের সমর্থিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৯ আগস্ট) রাতে চট্টগ্রামের রেডিসন ব্লুতে নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে আয়োজিত সাংগঠনিক সভায় এসব কথা বলেন তারেক রহমান। সভায় ছয় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এমপির সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদস্যসচিব নাজিমুর রহমান। এতে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় উপস্থিত একাধিক বিএনপি নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলের ভবিষ্যৎ কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন তারেক রহমান। একই সঙ্গে তিনি তাদের উৎসাহিত করেন এবং দলীয় ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন।
নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, গুপ্ত বাহিনীর ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদী শক্তিও নানা ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে। ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন করার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা ১৫ দিনের মধ্যেই শেষ করা হয়েছে। এরপরও গুপ্ত বাহিনী এ বিচার নিয়ে মিথ্যাচার করেছে বলে তিনি অভিযোগ করেন।
বিএনপি পরিবারকে একটি ঘরের সঙ্গে তুলনা করে তারেক রহমান বলেন, কোনো কারণেই যাতে সেই ঘর ভেঙে না পড়ে, সে জন্য দলের সবাইকে ঐক্যবদ্ধ থেকে তা শক্তভাবে ধরে রাখতে হবে।
এ সময় তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের কথাও তুলে ধরেন। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়টি জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আমার বাঙলা/ রাব্বি