বৃহস্পতিবার (২ জুলাই) সকালে দিকে উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন বিশ্বাস ওই গ্রামের লাকু বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজাপুর গ্রামের জাহিদুল শিকদারের একটি পুকুর স্থানীয় মাছ ব্যবসায়ী ফেলুর কাছে লিজ দেওয়া ছিল। পুকুরে মাছ চুরি ঠেকাতে এবং রাতে আলোর ব্যবস্থা করতে পুকুরের চারপাশে বাঁশের খুঁটির সঙ্গে জিআই তার ব্যবহার করে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে মামুন বিশ্বাস গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। একপর্যায়ে তিনি পুকুরপাড়ে গেলে মাটিতে পড়ে থাকা বিদ্যুতায়িত জিআই তার তার পায়ে পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।
পুকুরের মালিক জাহিদুল শিকদার বলেন, পুকুরটি লিজ দেওয়া ছিল এবং তারা নিয়মিত সেখানে বসবাস করেন না। লিজগ্রহীতারা কীভাবে বিদ্যুতের সংযোগ দিয়েছেন, সে বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক বলেও তিনি উল্লেখ করেন।
অভিযোগের বিষয়ে লিজগ্রহীতা ফেলু বলেন, রাতে আলো জ্বালানোর জন্য বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল। সকালে সাধারণত সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে অসাবধানতাবশত সেদিন সংযোগ খোলা হয়নি অথবা এলাকার ছেলেদের ঝাঁকাঝাঁকিতে সংযোগ ঢিলা হয়ে মাটিতে পড়ে থাকতে পারে। ঘটনাটি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত বলে তিনি দাবি করেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার বাঙলা/ রাব্বি