ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি-ডে’-তে যোগ না দিতে প্রতিবেশী আরব দেশগুলোকে সতর্ক করেছেন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি।
শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, “আমরা আমাদের সব প্রতিবেশী দেশকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে মার্কিন পক্ষে যোগ না দেওয়ার আহ্বান জানাচ্ছি। যদি কোনো প্রতিবেশী দেশ এই আহ্বান উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের পক্ষে যোগ দেয়, তাহলে আমরা সেই দেশকে শত্রু হিসেবে বিবেচনা করব।”
তিনি আরও বলেন, “আমরা যুদ্ধ বিস্তৃত করতে চাই না। তবে ইরানের প্রতিবেশী দেশগুলো যদি অর্থনৈতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেয়, তাহলে তাদের জাতীয় স্বার্থে আঘাত হানা হবে। পারস্য উপসাগর কিংবা হরমুজ প্রণালি দিয়ে তাদের এক ফোঁটা তেলও পরিবহন করতে দেওয়া হবে না।”
গত ১৯ আগস্ট ইরানের বিরুদ্ধে ‘ইকোনমিক ডি-ডে’ নামে অর্থনৈতিক অভিযান ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তির জন্য যুক্তরাষ্ট্র এর আগে দেশটিকে অনেক সুযোগ ও ছাড় দিয়েছে। কিন্তু ইরান চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় তার বিরুদ্ধে সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান শুরু করা হচ্ছে।
ট্রাম্প আরও দাবি করেন, এই অভিযান হবে নজিরবিহীন এবং এর ফলে ইরান আন্তর্জাতিক বিশ্ব থেকে অভূতপূর্ব মাত্রায় বিচ্ছিন্ন হয়ে পড়বে। তিনি এটিকে সরাসরি ‘অর্থনৈতিক যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন।
একই পোস্টে ইরানের প্রতি মিত্রভাবাপন্ন দেশগুলোকেও সতর্ক করেন ট্রাম্প। তিনি বলেন, কোনো দেশ যদি অভিযানের সময় নিজেদের অর্থনৈতিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক কার্যক্রম, বিমানবন্দর বা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানকে সহযোগিতা করে, তাহলে সেই দেশকেও কঠোর অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে।
ইরানের তেল চোরাচালান, পণ্য বিনিময় ব্যবস্থা, নগদ অর্থ স্থানান্তর, মুদ্রা বিনিময় কেন্দ্র, জাহাজ নিবন্ধন ও ভুয়া কোম্পানির মাধ্যমে বাণিজ্যসহ বিভিন্ন কার্যক্রম বন্ধের হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট।
আইআরআইবিকে দেওয়া সাক্ষাৎকারে মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, “ইরান যুদ্ধ ও যুদ্ধবাজদের বিপক্ষে। আমরা যুদ্ধের অবসান চাই। তবে ট্রাম্প ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে তিনি ভূমিকম্পের মতো শক্তিশালী প্রতিক্রিয়ার মুখোমুখি হবেন।”
আমার বাঙলা/ রাব্বি