বর্তমান সময়ের চিত্রনায়িকা মৌ খান এবার নতুন ওয়েব ফিল্ম নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। থ্রিলার ও অ্যাকশনধর্মী ‘শিকারি’ নামের এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মেহেদী হাসান। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে।
‘শিকারি’র গল্প গড়ে উঠেছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, অপরাধজগত এবং একটি রোমাঞ্চকর মিশনকে ঘিরে। এতে মৌ খানকে দেখা যাবে রহস্যময় ও বুদ্ধিদীপ্ত একটি চরিত্রে। চরিত্রের প্রয়োজনে অ্যাকশনধর্মী ও নাটকীয় বেশ কিছু দৃশ্যেও অভিনয় করেছেন তিনি।
নিজের চরিত্র নিয়ে মৌ খান বলেন, “শিকারি’র স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর এক নিঃশ্বাসে পড়ে শেষ করেছি। গল্পের টুইস্টগুলো দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত আটকে রাখবে। এই কাজটিতে আমাকে একেবারেই ভিন্ন লুক ও ভিন্ন আবহে দেখতে পাবেন দর্শক। চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।”
২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌ খানের। এরপর ‘বান্ধব’, ‘বাহাদুরি’ এবং ডিপজলের বিপরীতে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। এর আগে শাহীন সুমনের পরিচালনায় ‘মাফিয়া’ ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘শিকারি’র শুটিং ও কারিগরি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ওটিটি দর্শকদের কথা মাথায় রেখে আধুনিক নির্মাণশৈলীতে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি। খুব শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন মৌ খান। এরপর নিয়মিত চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে জাফর আল মামুন পরিচালিত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমার কাজও চলছে। এতে মৌ খানের সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।
এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে মৌ খান অভিনীত ‘বাংলার হারকিউলিস’, ‘বাহাদুরী’ ও ‘তবুও প্রেম দামি’। এছাড়া আগামী ৯ অক্টোবর তার অভিনীত ‘স্নেহের বন্ধন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আমার বাঙলা/ রাব্বি