মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা গ্রামের একটি নির্জন স্থান থেকে ১৬ পিস ইয়াবা ও ১ লিটার দেশীয় মদসহ রুবেল চন্দ্র মনিদাস (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
গ্রেপ্তার রুবেল চন্দ্র মনিদাস উপজেলার রামরাবন গ্রামের মৃত সিধাম চন্দ্র মনিদাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৮টার দিকে মাদক বিক্রির উদ্দেশ্যে রামরাবন এলাকা থেকে কাউন্নারা গ্রামে আসে রুবেল। তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে ঘিরে ফেলেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ও ১ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
পরে সাটুরিয়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আল-আমিনের সহযোগিতায় স্থানীয়রা উদ্ধারকৃত মাদকসহ রুবেলকে পুলিশের কাছে সোপর্দ করেন।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৬ পিস ইয়াবা ও ১ লিটার দেশীয় মদসহ গ্রেপ্তার রুবেল চন্দ্র মনিদাসকে আজ সকাল ১০টার দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে পুলিশকে সহযোগিতা করতে হবে। এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা এবং পুলিশের নিরলস প্রচেষ্টায় সাটুরিয়া উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।
আমার বাঙলা/ রাব্বি