ছবি: সংগৃহীত
জাতীয়

ভোট দেবেন ফখরুল, কক্ষে যেতে পারবেন না অলি

নিজস্ব প্রতিবেদক

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হয়েছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সদস্য হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দিতে পারবেন। তবে অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। এমনকি ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত সংসদ কক্ষেও তার প্রবেশের সুযোগ থাকছে না।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। তাদের মধ্যে সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন ৫০ জন। চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় ভোটার তালিকায় মোট ৩৪৯ জন সংসদ সদস্য রয়েছেন।

এদিকে অসুস্থতার কারণে দেশের বাইরে থাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও ভোট দিতে পারবেন না। এ বিষয়ে তিনি স্পিকারকে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে কমপক্ষে ১৭৫টি ভোট পেতে হবে। সংসদে বিএনপির ২৪৭ জন সদস্য রয়েছেন। দলটির মিত্র বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ ও গণসংহতি আন্দোলনের একজন করে সংসদ সদস্য রয়েছেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্য সংখ্যা ৯০। এর মধ্যে জামায়াতের ৭৭ জন সদস্য ছাড়াও দলটির সমর্থনে নির্বাচিত জাগপার একজন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির আটজন, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন এবং খেলাফত মজলিসের একজন সংসদ সদস্য রয়েছেন।

ভোটগ্রহণ শুরুর সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার ও প্রধানমন্ত্রীর ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এরপর ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সম্প্রচার বন্ধ থাকবে। ভোট গণনার সময় আবারও সরাসরি সম্প্রচার শুরু হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংসদের নিয়মিত অধিবেশন না থাকায় ভোটগ্রহণের জন্য সংসদ সদস্যদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে সভাপতিত্বের পাশাপাশি নির্বাচন পরিচালনার দায়িত্বও পালন করবেন সিইসি।

সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। ব্যালট গ্রহণের আগে ব্যালট পেপারের মুড়ি অংশে নিজের পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে ভোট দিতে পারবেন। তাদের জন্য সংসদ কক্ষে পৃথক আসনের ব্যবস্থা করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব গ্রহণ করলে তার সংসদীয় আসনটি শূন্য হবে। অন্যদিকে অলি আহমদ সংসদ সদস্য না হওয়ায় শুরু থেকেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকায় তার নাম নেই।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করেন। এরপর সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর প্রথমবার সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।

এরপর আরও সাতটি রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী পক্ষ থেকে কোনো প্রার্থী না থাকায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এবার বিরোধী জোট প্রার্থী দেওয়ায় প্রায় ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদে...

ট্রাম্পের নিষেধাজ্ঞায় আইসিসির দুই কর্মকর্তা

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট তোমোকো আকানে এবং আদালটির কর্মক...

ঢাকার ৮ জোনে চলবে অটোরিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পন...

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ অবসান চায় ইরান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন সরকার পররাষ্ট্রনীতিতে প্রতি...

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

দেড় হাজার টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৭

সুনামগঞ্জের দিরাইয়ে মাত্র ১ হাজার ৫০০ টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষে...

ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতা গুলিবিদ্ধ

পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক...

আপত্তিকর আলাপের অভিযোগে শিক্ষক অব্যাহতি

ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আলাপের অভিযোগে কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরক...

৫৫ বছর পর বদলাচ্ছে অর্থবছর

দীর্ঘ প্রায় ৫৫ বছর পর বাংলাদেশের অর্থবছরের সময়সূচিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরক...

ভোট দেবেন ফখরুল, কক্ষে যেতে পারবেন না অলি

প্রায় ৩৫ বছর পর আবারও সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা