কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১৯ আগস্ট) রাত থেকে সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি SVD Dragunov রাইফেল ও একটি ৯ মিমি পিস্তল। এছাড়া ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, পিস্তলের ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে—মিয়ানমার থেকে একটি অসাধু চক্র নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্র পাচারের চেষ্টা করবে। এসব অস্ত্র রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল বলে তথ্য পাওয়া যায়।
এর পরিপ্রেক্ষিতে বুধবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফ থানাধীন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশন টেকনাফের সদস্যরা।
অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যরা একটি সন্দেহজনক কাঠের বোট দেখতে পেয়ে থামার সংকেত দেন। তবে সংকেত উপেক্ষা করে বোটটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের দিকে চলে যায়। একপর্যায়ে বোটটি ফেলে এর সঙ্গে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।
পরে কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালিয়ে জালের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি SVD Dragunov রাইফেল, ম্যাগাজিনসহ একটি ৯ মিমি পিস্তল, ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, পিস্তলের ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করেন।
কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। জব্দ করা বোট, অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
আমার বাঙলা/ রাব্বি