দক্ষিণী সিনেমার দুই জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ের পিঁড়িতে বসছেন। এমন খবরে এতোদিন নিশ্চুপ ছিলেন এ জুটি। অবশেষে নিরবতা ভেঙে বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন এ দুই তারকা।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বিজয়-রাশমিকার বিয়ের খবরে ভক্তরা যে উচ্ছ্বাস আর ভালোবাসা প্রকাশ করেছেন তাতে আবেগে আপ্লুত এ তারকা জুটি।
স্যোশাল মিডিয়ায় তাই ভক্তদের উদ্দেশে এ তারকাযুগল দিয়েছেন আবেগী বার্তা।ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রাম স্টোরিতে এ জুটি লেখেন, আমাদের প্রিয় প্রেমী, আমরা কিছু পরিকল্পনা করার ও সিদ্ধান্ত নেওয়ার আগে থেকেই তোমরা আমাদের সঙ্গে ছিলে। অনেক ভালোবাসার সঙ্গে আমাদের নাম দিয়েছিলে ‘বিরোশ’।
এ জুটি আরও লেখেন, তাই আজ পূর্ণ হৃদয়ে তোমাদের সম্মানে আমাদের নাম একসঙ্গে হচ্ছে। তাই নাম হিসেবে আমরা বেছে নিয়েছি ‘বিরোশের বিয়ে’।
শেষে এ তারকাযুগল লেখেন, ভালোবাসা নিয়ে আমাদের পাশে থাকায় তোমাদের ধন্যবাদ।
এদিকে এমন পোস্টের পরই ভালোবাসা আর শুভেচ্ছার বন্যায় ভাসছেন বিজয়-রাশমিকা। বিয়ের খবরে সম্মতি জানালেও অবশ্য বিয়ের তারিখ বা ভেন্যু নিয়ে কোনো মন্তব্য করেনি এ জুটি।
এদিকে দুই তারকার কাছের মানুষদের কাছ থেকে জানা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে করছেন বিজয়-রাশমিকা। তবে বিয়ে ২৬ ফেব্রুয়ারি হলেও বিয়ের অনুষ্ঠান শুরু হবে ২৪ ফেব্রুয়ারি থেকে।
পুরো আয়োজনের গোপনীয়তা রাখতে দুই পরিবারের ঘনিষ্ঠ পরিজন ও বন্ধুবান্ধব ছাড়া বাইরের কারও প্রবেশের অনুমতি সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। বিয়ের মুহূর্ত একান্তই ব্যক্তিগত করে তুলতে এবং পুরো সময়টা নিজেদের মতো করে উদ্যাপন করতেই জীবনের বিশেষ দিন নিয়ে এমন সিদ্ধান্ত দুই তারকার।
উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন পরিকল্পনা করেছেন বিজয়-রাশমিকা।
আমারবাঙলা/এসএ