আজ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল কর্মকর্তা ও সৈনিকের হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। সেদিন তার পরিবারের সদস্যদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারীও হত্যাকাণ্ড থেকে রেহাই পাননি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে হামলা চালায় একদল সেনাসদস্য। সেখানে বঙ্গবন্ধু ছাড়াও নিহত হন তার স্ত্রী শেখ ফজিলাতুন নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল এবং বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের।
এ ছাড়া একই রাতে বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশুপৌত্র সুকান্ত বাবু এবং বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণিসহ কয়েকজন নিকটাত্মীয় নিহত হন।
ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে হামলার সময় পুলিশের বিশেষ শাখার সাব-ইন্সপেক্টর সিদ্দিকুর রহমান এবং বঙ্গবন্ধুর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্নেল জামিলও গুলিতে নিহত হন। বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা তখন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।
পরে বঙ্গবন্ধুকে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দাফন করা হয়। পরিবারের অন্য সদস্যদের ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হয়।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। ব্রিটিশ শাসনের অবসানের পর পাকিস্তান আমলে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন ও ছয় দফা আন্দোলনসহ বাঙালির স্বাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর কারামুক্ত হলে ছাত্র-জনতা তাকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করে। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে তিনি বাঙালি জাতিকে স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত করেন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
স্বাধীনতার পর দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন শেখ মুজিবুর রহমান। তবে স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হন তিনি।
দীর্ঘদিন ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। এ উপলক্ষে সরকারি ছুটিও ছিল। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিল করা হয়। ফলে এবারও দিনটি সরকারি ছুটি হিসেবে পালিত হচ্ছে না।
আমার বাঙলা/ রাব্বি