ছবি: সংগৃহীত
জাতীয়

উত্তেজনামূলক বক্তব্য বন্ধের আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আলেমদের দায়িত্ব শুধু মসজিদে ইমামতি, ওয়াজ-নসিহত কিংবা খুতবার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। জাতির সংকটময় সময়ে সঠিক দিকনির্দেশনা, নেতৃত্ব ও আদর্শিক ভূমিকা পালনে তাদের এগিয়ে আসতে হবে।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘মতবিরোধ নয়, ঐক্যেই গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। প্রস্তাবনা উপস্থাপন ও সম্মেলন সঞ্চালনা করেন কেন্দ্রীয় উলামা বিভাগীয় কমিটির সেক্রেটারি এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. লুৎফুর রহমান মাদানী।

ডা. শফিকুর রহমান বলেন, আলেমদের মধ্যে চিন্তা ও মতের পার্থক্য থাকতেই পারে। অতীতেও মতপার্থক্য ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে মতের ভিন্নতার কারণে কাউকে অসম্মান করা উচিত নয়। কেউ সমালোচনা বা কটূক্তি করলেও তার জবাবে একই ধরনের আচরণ না করে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, প্রতিপক্ষের জন্যও দোয়া করতে হবে এবং তার বক্তব্যে কোনো কল্যাণকর বিষয় থাকলে তা গ্রহণ করার মানসিকতা রাখতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনামূলক ও আক্রমণাত্মক বক্তব্য ছড়ানো বন্ধ করতে হবে। কেউ আক্রমণ করলে পাল্টা আক্রমণে না গিয়ে ধৈর্য ও সংযমের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে হবে।

ইসলামি জ্ঞান ও আধুনিক শিক্ষার সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে জামায়াত আমির বলেন, বাংলাদেশের মুসলিম সমাজে আলিয়া ও কওমি—দুই ধারার শিক্ষাব্যবস্থারই প্রয়োজন রয়েছে। আলিয়া শিক্ষায় শিক্ষিতরা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভূমিকা রাখছেন, অন্যদিকে কওমি শিক্ষায় শিক্ষিতরা দ্বীনের মৌলিক শিক্ষা ধরে রেখে অবদান রাখছেন। তাই কোনো একটি ধারাকে বাদ না দিয়ে উভয় ধারার আলেম ও শিক্ষিত মানুষকে সম্মান ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, যে জাতি জ্ঞান ও গবেষণায় যত বেশি অগ্রসর হয়, বিশ্বে নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও তাদের তত বাড়ে। এজন্য আলেমসহ সবাইকে শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় আরও মনোযোগী হতে হবে। ইসলামি জ্ঞান ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ও গবেষণাকেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে।

রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও বিভিন্ন যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়ার আগে তথ্য সংগ্রহ, পরিস্থিতি বিশ্লেষণ ও যথাযথ প্রস্তুতি নেওয়া জরুরি। বর্তমান সময়ের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য, গবেষণা, দক্ষতা ও প্রস্তুতির কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। তবে কেউ আক্রমণ চাপিয়ে দিলে আত্মরক্ষার প্রস্তুতি থাকা প্রয়োজন।’ তার মতে, ইসলামের যুদ্ধনীতি মূলত আত্মরক্ষামূলক ছিল।

জামায়াত আমির বলেন, কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিজয় নয়, তারা মানবতার বিজয় চান। মানুষের কল্যাণ ও নিরাপত্তা একটি ন্যায়ভিত্তিক সমাজের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত।

তিনি আরও বলেন, আল্লাহর বিধান ও ন্যায়নীতির আলোকে মানুষের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব। দেশে সত্য, ন্যায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেমদের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে। এ দায়িত্ব আরও কার্যকরভাবে পালন করতে হবে।

বর্তমান সমাজে মানুষের সম্মান, জীবন ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, বিশেষ করে নারীর নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। পরিস্থিতির পরিবর্তনে আলেমদের সোচ্চার হতে হবে। সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় হিসেবে তুলে ধরতে হবে।

তিনি বলেন, সত্য ও ন্যায়ের কথা বলতে গেলে বাধা আসতে পারে। কিন্তু এ কারণে হকের কথা বলা থেকে বিরত থাকা উচিত নয়। একই সঙ্গে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা তৈরি করা থেকেও বিরত থাকতে হবে।

দেশের সব ধর্ম, বর্ণ ও ভাষার মানুষকে সম্মানের সঙ্গে ধারণ করে বাংলাদেশকে মর্যাদাপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, পারস্পরিক সম্মান, ঐক্য, নৈতিকতা, জ্ঞানচর্চা ও আত্মসংযমের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বিভিন্ন শ্রেণি-পেশা ও মর্যাদার মানুষের সঙ্গে আলেমদের ধারাবাহিক ও সরাসরি যোগাযোগ রয়েছে। মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া, সমাজ পরিবর্তন কিংবা পরিবার ও সভ্যতার পরিবর্তনে আলেমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সমাজে ইসলামের বিভিন্ন বিধান ও ফরজ দায়িত্ব সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করে ইসলামের সঠিক শিক্ষা তুলে ধরতে আলেমদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সম্মেলনে সাতটি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে—মাদরাসা ও কলেজে ইসলামি শিক্ষা সংকোচন বন্ধ, মাদরাসার নারী শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের নির্দেশ প্রত্যাহার, উদ্দেশ্যপ্রণোদিতভাবে উলামা-মাশায়েখদের হেয়প্রতিপন্ন করার প্রচেষ্টা বন্ধ, প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ, ইমাম-মুয়াজ্জিনদের সার্ভিস রুল ও পে-স্কেল দ্রুত বাস্তবায়ন এবং ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে মুসলিম হত্যা ও নির্যাতন বন্ধের দাবি।

সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা এবং দেশের বিভিন্ন স্থান থেকে আসা উলামা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

বিল ও রিচার্জে ৫ হাজার টাকা সুদমুক্ত ঋণ

জরুরি প্রয়োজনে মোবাইল রিচার্জ এবং গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশো...

গুরুতর ক্যানসারে আক্রান্ত বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের...

উত্তেজনামূলক বক্তব্য বন্ধের আহ্বান জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আলেমদের দায়ি...

আজ বিশ্ব আদিবাসী দিবস

নানা কর্মসূচির মধ্য দিয়ে রোববার (৯ আগস্ট) রাজধানী ঢাকাসহ পার্বত্য চট্টগ্রাম,...

সিলেটে পুলিশকে কোপানোর ঘটনায় দুজন কারাগারে

সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন একটি পিকআপ থামাতে গিয়ে পুলি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা