বিসিএস নন-ক্যাডার পদে প্রার্থী সুপারিশের ক্ষেত্রে মেধাতালিকা প্রকাশে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কোনো আইনি বাধা নেই বলে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত বলেছেন, মেধাতালিকা প্রকাশ করা সংশ্লিষ্ট বিধিমালার একটি বাধ্যবাধকতা।
রোববার (২ আগস্ট) এ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
এর আগে ৪৩তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় পিএসসির নেওয়া কয়েকটি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কয়েকশ নন-ক্যাডার প্রার্থী। ওই রিটের শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ গত ২৫ জুন এ রায় দেন।
শুনানিতে পিএসসির যুক্তি ছিল, পরবর্তী বিসিএসের ফলাফল প্রকাশের পর আগের বিসিএস থেকে সুপারিশের সুযোগ নেই। তবে, রায়ে আদালত জানান, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী সুপারিশ প্রক্রিয়া চালিয়ে যেতে কোনো বাধা নেই। এছাড়া, আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। মেধা তালিকা প্রকাশের পর সরকারি দফতরের শূন্য পদের চাহিদা এবং প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে দ্রুত সুপারিশ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।
আমার বাঙলা/ রাব্বি