ইরানে যুক্তরাষ্ট্র বড় হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিজেদের প্রস্তুত করেছে দখলদার ইসরায়েলের নিরাপত্তাবাহিনী। হামলার জবাবে ইরান পাল্টা হামলায় ইসরায়েলকে টার্গেট করতে পারে—এমন আশঙ্কা থেকে সতর্কতা বাড়িয়েছে দেশটি। রোববার (২ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা টিআরটি।
গত শুক্রবার মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর হামলার হুমকি দিয়ে বলেন, এমনভাবে হামলা চালানো হবে যাতে ইরান একসময় যুদ্ধ চালিয়ে যেতে অক্ষম হয়ে পড়ে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়োত আহরোনোতের তথ্য অনুযায়ী, ইসরায়েল তাদের প্রতিরক্ষা সতর্কতা বাড়িয়েছে, কারণ সামরিক কমান্ডারদের ধারণা ট্রাম্প যেকোনো সময় ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলার নির্দেশ দিতে পারেন।
সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানায়, ইসরায়েল নিজেও ইরানে হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার প্রতিক্রিয়া মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। এক অজ্ঞাতনামা সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন বিস্ফোরিত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে এবং ট্রাম্প এখন মনে করছেন ইরানের সঙ্গে আলোচনা চালানো নিষ্ফল, ফলে বড় হামলার নির্দেশ দেওয়ার কাছাকাছি অবস্থানে আছেন তিনি।
এদিকে ইরান হুমকি দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের জ্বালানি অবকাঠামোয় হামলা চালালে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একই ধরনের অবকাঠামোকে টার্গেট করা হবে এবং এ জন্য তাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে তেহরান।
সূত্র: টিআরটি
আমার বাঙলা/ তালহা