সারাদেশ

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ, দুর্ভোগে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহাসিক সোনাহাট সেতুর স্টিলের পাটাতন ভেঙে যাওয়ায় ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে একটি বালুবাহী ট্রাক্টর সেতুর ভাঙা অংশে আটকে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর নিরাপত্তার স্বার্থে ট্রাকসহ সব ধরনের ভারী যানবাহনের চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সেতুর দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই সেতুটির বিভিন্ন স্থানে স্টিলের পাটাতন ক্ষতিগ্রস্ত ছিল। অনেক জায়গায় লোহার পাত খুলে গেছে এবং একাধিক অংশে পাটাতন ভেঙে পড়েছে। তবুও বিকল্প সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছিল পণ্যবাহী ট্রাক, বাস, ট্রাক্টর, পিকআপসহ বিভিন্ন যানবাহন। বুধবার সকালে একটি বালুবাহী ট্রাক্টর সেতুর ভাঙা অংশে আটকে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরে দুর্ঘটনা এড়াতে ভারী যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

স্থানীয়দের ভাষ্য, ব্রিটিশ শাসনামলে ১৮৮৭ সালে লালমনিরহাট থেকে ভারতের গৌহাটি পর্যন্ত রেলপথ নির্মাণের অংশ হিসেবে দুধকুমার নদের ওপর প্রায় ১ হাজার ২০০ ফুট দীর্ঘ সোনাহাট রেলসেতু নির্মাণ করা হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে সেতুর একটি অংশ ধ্বংস করা হয়। স্বাধীনতার পর দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলে এটি সংস্কার করে সড়ক যোগাযোগের জন্য চালু করা হয়।

নির্মাণকালে সেতুটির আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছিল ১০০ বছর। সেই হিসেবে প্রায় ৪০ বছর আগেই এর মেয়াদ শেষ হয়েছে। বর্তমানে জরাজীর্ণ অবস্থায় থাকা সেতুটি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। একই সঙ্গে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

বর্তমানে সেতুর পাশেই দুধকুমার নদের দক্ষিণ পাশে প্রায় ১৩৬ কোটি টাকা ব্যয়ে ৬৪৫ মিটার দীর্ঘ নতুন সোনাহাট সেতুর নির্মাণকাজ চলছে। দুই বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও আট বছরেও তা সম্পন্ন হয়নি। ফলে পুরোনো ঝুঁকিপূর্ণ সেতুর ওপরই নির্ভর করতে হচ্ছে হাজারো মানুষকে। স্থানীয়দের দাবি, নতুন সেতুর নির্মাণকাজ দ্রুত শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হোক।

সেতু সংলগ্ন ব্যবসায়ী ফরিদুল ইসলাম, শফিকুল ইসলাম ও নুর ইসলাম বলেন, পাথরবোঝাই ট্রাক চলাচলের সময় পুরো সেতু কেঁপে ওঠে। আবার সেতুটি এতটাই সরু যে, একটি ট্রাক চলাচলের সময় অন্য কোনো যানবাহন পাশ কাটিয়ে যেতে পারে না। এতে প্রায়ই দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সোনাহাট স্থলবন্দরের আমদানিকারক-রপ্তানিকারক ব্যবসায়ী আবু হেনা মাসুম বলেন, সেতুর পাটাতন প্রায়ই ভেঙে যায় এবং সড়ক বিভাগ তা সাময়িকভাবে মেরামত করে। কিন্তু স্থায়ী সমাধান না হওয়ায় একই সমস্যা বারবার দেখা দিচ্ছে। ভারী যান চলাচল বন্ধ থাকলে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, সেতুটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত মালবোঝাই যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কার শেষে অল্প সময়ের মধ্যেই যান চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা দ্রুত নতুন সোনাহাট সেতুর নির্মাণকাজ সম্পন্ন করে জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহত ৭২

জিম্বাবুয়ের লেক কারিবায় যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২০

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে...

১২ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় কম্পন ৬.৯

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের ১২ ঘণ্টা পর ফের ৬.৯ মাত্রার কম্পন...

পাখি শিকারে যুবককে জরিমানা, টিয়াপাখি অবমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ভুট্টাক্ষেত থেকে টিয়াপাখি শিকারের সময় মিনার আলী নামে এক যুবকক...

যে অভ্যাসে নীরবে বাড়ছে কোলেস্টেরল

উচ্চ কোলেস্টেরলকে ‘নীরব’ স্বাস্থ্যঝুঁকি বলা হয়। কারণ রক্তে কোলেস্...

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থ...

হরমুজ নিয়ে ট্রাম্পের দাবিতে ইরানের জবাব

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইর...

কর্মচারী মারধরের অভিযোগে কুড়িগ্রাম পৌরসভার সিইও প্রত্যাহার

কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত্যাহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা