কিংবদন্তি সংগীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমানের ছেলে খান আসিফুর রহমান। তবে সংগীতাঙ্গনে তিনি ‘আগুন’ নামেই বেশি পরিচিত। নব্বইয়ের দশকে তার কণ্ঠে অসংখ্য গান জনপ্রিয়তা পায়। বিশেষ করে সালমান শাহ অভিনীত বেশ কয়েকটি সিনেমার গানে কণ্ঠ দিয়ে তিনি দর্শক-শ্রোতাদের কাছে ব্যাপক পরিচিতি অর্জন করেন।
তবে গত এক দশকের বেশি সময় ধরে নিয়মিতভাবে গানে পাওয়া যায়নি আগুনকে। সর্বশেষ ২০২১ সালে ‘শত্রু’ সিনেমার গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। এরপর দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্রের গানে ফিরেছেন এই জনপ্রিয় শিল্পী।
সম্প্রতি মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘স্বপ্নের নায়িকা’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আগুন। গানটির কথা লিখেছেন নিশাত তাসনিম ও সরয়ার হোসেন। এর সুর ও সংগীতায়োজন করেছেন আনোয়ার শিকদার টিটন। গানে আগুনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা।
গানটির সংগীত পরিচালক টিটন জানান, চলচ্চিত্রের সোনালি সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক আগুন। গানটি তৈরির সময় থেকেই তার কণ্ঠকে মাথায় রেখে কাজ করেছেন তিনি। সুর ও সংগীতায়োজনের কাজ শেষ করে আগুনের কাছে গানটি পাঠানো হলে তারও পছন্দ হয়। পরে আনন্দের সঙ্গেই গানটির রেকর্ডিং সম্পন্ন করেন এই শিল্পী।
চলচ্চিত্রের গানে আগুনের অভিষেক হয়েছিল সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমার গানেই নিজের কণ্ঠের স্বাতন্ত্র্য দিয়ে শ্রোতাদের নজর কাড়েন তিনি।
এরপর ‘দোলা’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘বিক্ষোভ’, ‘দেনমোহর’, ‘আশা ভালোবাসা’, ‘মায়ের অধিকার’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘এই ঘর এই সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘বিচার হবে’, ‘প্রেম পিয়াসী’, ‘আম্মাজান’, ‘ম্যাডাম ফুলি’, ‘দুই দুয়ারী’, ‘হাছন রাজা’, ‘১ টাকার বউ’ ও ‘আমার আছে জল’সহ অসংখ্য চলচ্চিত্রে গান করেছেন আগুন।
দীর্ঘ বিরতির পর নতুন সিনেমার গানে আগুনের এই প্রত্যাবর্তন তার ভক্ত-শ্রোতাদের জন্য নিঃসন্দেহে আনন্দের খবর।
আমার বাঙলা/ রাব্বি