সারাদেশ

বালি অপসারণের নামে ফসলি জমি লুটপাট

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার এলঙ্গী এলাকায় গড়াই নদীর ড্রেজিংকৃত বালি অপসারণের আড়ালে ফসলি জমির মাটি লুটপাটের এক মহোৎসব চলছে বলে অভিযোগ উঠেছে। বালি ও মাটি বহনের ভারী ড্রামট্রাকের দাপটে এলাকার রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি। এতে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও স্কুলগামী শিক্ষার্থীরা। বালি ঘাট দখল এবং লভ্যাংশের ভাগবাটোয়ারা নিয়ে এলাকায় একাধিকবার গোলাগুলি ও আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেছে, যার ফলে পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন এবং মাঠপর্যায়ের রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ঘাটের লভ্যাংশ ভাগবাটোয়ারা হওয়ায় এই অবৈধ কর্মকাণ্ড বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের মে মাসে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে কুমারখালীর এলঙ্গী এলাকায় ৭৯ লক্ষ ৭৪ হাজার টাকায় গড়াই নদীর ২ লক্ষ ২ হাজার ৫০০ ঘনমিটার ড্রেজিংকৃত বালি অপসারণের কার্যাদেশ পায় 'সৈকত এন্টারপ্রাইজ' নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কার্যাদেশ পাওয়ার পর থেকেই মূলত ঘাট দখল ও লভ্যাংশ নিয়ে এলাকায় বিশৃঙ্খলা শুরু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের হাতে আসা একটি লভ্যাংশ বণ্টনের তালিকা অনুযায়ী, এই বালি ঘাট থেকে প্রাপ্ত আয়ের ৪০ শতাংশ যাচ্ছে উপজেলা বিএনপির সভাপতি আনছার প্রামাণিকের পক্ষে এবং ৪০ শতাংশ যাচ্ছে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো: সামছুদ্দিনের পক্ষে। অবশিষ্ট ২০ শতাংশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এছাড়াও প্রতিদিন কুমারখালী থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের নামে নির্দিষ্ট অঙ্কের মাসোহারা বা বরাদ্দ যায় বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

বিপর্যস্ত জনজীবন ও স্থানীয়দের ক্ষোভে এলঙ্গী ও লালন বাজার এলাকার বাসিন্দারা জানান, দিন-রাত সমানে শত শত ড্রামট্রাক চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলো চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ট্রাকের ধুলোবালি ও কম্পনে ঘরবাড়ির ক্ষতি হচ্ছে। শিক্ষার্থীরা ঠিকমতো বিদ্যালয়ে যেতে পারছে না। বালি কাটার নির্ধারিত সীমানা পেরিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটি কৃষকদের ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে, যা কৃষিপ্রধান এই অঞ্চলের অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছে।

তবে অর্থ ভাগবাটোয়ারার বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো: সামছুদ্দিন বলেন, "প্রথম দিকে ৪০ শতাংশ করে ভাগ পাওয়ার বিষয়টি সত্য হলেও, এলাকায় গোলাগুলির ঘটনার পর থেকে আমি আর এই বালি ঘাটের সাথে কোনোভাবেই যুক্ত নই।"

অন্যদিকে, উপজেলা বিএনপির সভাপতি আনছার প্রামাণিক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, "এই অবৈধ কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। কোনো সন্ত্রাসী বাহিনী আমার নাম ভাঙিয়ে এই কাজ করতে পারে।"

বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। তাঁরা জানান, এ ধরনের কোনো ভাগবাটোয়ারা বা মাসোহারার বিষয় তাঁদের জানা নেই। তবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, "বালি অপসারণের কার্যাদেশ দেওয়া হয়েছে নিয়ম মেনে। তবে এর বাইরে গিয়ে যদি ফসলি জমির মাটি কাটা বা কোনো অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তবে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে ঘাট বাতিল করা হবে।"

বালি মহালের নামে এই নৈরাজ্য বন্ধ করে ফসলি জমি রক্ষা ও এলাকায় শান্তি ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন মহলের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী এলাকাবাসী।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিয়ের দুই বছর পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরস্থ ২ নম্বর ওয়ার্ডের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্...

পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি দেলোয়ার ও সম্পাদক আরিফ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূবাইল রেলস্টেশন বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ...

মনোহরদীর পলাতক কুখ্যাত আসামী 'নয়ন ডাকাত ' সেনবাগ থেকে গ্রেপ্তার 

নরসিংদীর মনোহরদী থানার একাধিক মামলার গ্রেফতারি পরোনাভুক্ত এবং দীর্ঘদিনের পলাত...

কুষ্টিয়ায় রাতের অন্ধকারে কেটে ফেলা হলো ১৫টি ফলজ ও বনজ গাছ

কুষ্টিয়া সদর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আমানতপুর গ্রামে এক কৃষকের ফলজ ও বনজ বাগা...

চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার কোটি টাকার আম বাণিজ্যের আশাবাদ, জমজমাট জেলার আম বাজার

দেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে ২ হাজার কোটি টাক...

বৃষ্টির পানিতে ভরেছে কাপ্তাই হ্রদ, বাড়ল বিদ্যুৎ উৎপাদন

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়েছে। এতে কাপ্তাই জলবিদ্য...

বন্যার পানি নামছে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাঙ্গামাটি

বৃষ্টি কমে যাওয়ায় রাঙ্গামাটির বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পানি ন...

মেসির স্বপ্নভঙ্গের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর...

বৃষ্টি আরও বাড়তে পারে, আবহাওয়া অফিসের নতুন বার্তা

টানা কয়েকদিনের ভারি বৃষ্টির পর আপাতত কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদ...

মানিকগঞ্জের সাটুরিয়ার আশ্রয়ণ প্রকল্পের ১৭ ঘরই তালাবদ্ধ, বঞ্চিত প্রকৃত ভূমিহীনরা

ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করতে সরকারের আশ্রয়ণ প্রকল্প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা