পিরোজপুরের কাউখালী উপজেলার রঘুনাথপুর এবতেদায়ি মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারের নির্মাণাধীন অবস্থায় পড়ে থাকা ভবন পরিদর্শন করেছেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (গ্রেড-২) কাজী রওনাকুল ইসলাম টিপু।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও অর্ধনির্মিত অবস্থায় পড়ে থাকা ভবনটি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় প্রকল্পটির বর্তমান অবস্থা ও কাজ বন্ধ থাকার কারণ সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে খোঁজ নেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী জানান, ২০২১ সালের মার্চে প্রকল্পটির কাজ শুরু হয় এবং ২০২৩ সালের মার্চে তা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় অর্ধেক কাজ করার পর নির্মাণকাজ বন্ধ করে চলে যায়।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছিল ২ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ১ কোটি ২৫ লাখ টাকা তুলে নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এরপর থেকে প্রায় তিন বছর ধরে ভবনটি অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে। বর্তমানে এটি পুরোপুরি ব্যবহার অনুপযোগী হয়ে রয়েছে।
পরিদর্শন শেষে কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, প্রকল্পটির কাজ শেষ না করেই ঠিকাদার চলে যাওয়ার বিষয়টি তারা সরেজমিনে পরিদর্শন করে দেখেছেন। মাদ্রাসা কাম সাইক্লোন সেন্টারটি স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় এখানে সাধারণ মানুষ আশ্রয় নিতে পারবেন এবং স্বাভাবিক সময়ে শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, জনগণের প্রয়োজন ও দুর্যোগকালীন নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে প্রকল্পটির নির্মাণকাজ দ্রুত শেষ করা প্রয়োজন। নতুন করে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে অল্প সময়ের মধ্যে বাকি কাজ শুরু করে শেষ করার উদ্যোগ নেওয়া হবে।
এ সময় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের সহকারী পরিচালক মো. মোস্তফা রায়হান, ব্যবস্থাপনা পরিচালকের সহকারী আব্দুস সালাম হাওলাদার, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রুপালি কনস্ট্রাকশনের অমল দাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
আমার বাঙলা/ রাব্বি