ছবি: আমার বাঙলা
ফিচার
আত্মকর্মী থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আমিনুল হক সাদী। আত্মকর্মসংস্থান, যুব উন্নয়ন, সমাজসেবা ও মানবকল্যাণে দীর্ঘদিনের নিরলস কাজের মাধ্যমে তিনি আজ কেবল একজন সফল উদ্যোক্তাই নন, বরং হাজারো তরুণ-তরুণীর অনুপ্রেরণার নাম।

২০০৪ সালের ভয়াবহ বন্যার সময় কর্মসংস্থানের সন্ধানে তিনি কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে যান। সেখানে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারেন, সরকার বেকার যুবকদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। বিষয়টি তাঁকে গভীরভাবে আকৃষ্ট করে। পরবর্তীতে তিনি কিশোরগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, ডেইরি ফার্ম, কৃষি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে তিন মাসব্যাপী আবাসিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে তিনি শুধু নিজের কর্মসংস্থানের পথই তৈরি করেননি; বরং সেই অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্য বেকার যুবকদেরও স্বাবলম্বী করার উদ্যোগ নেন। আত্মকর্মী হিসেবে সফল হওয়ার পর ধীরে ধীরে তিনি যুব নেতৃত্ব ও সমাজসেবায় নিজেকে সম্পৃক্ত করেন।

২০১০ সালে কিশোরগঞ্জে যুব জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে তিনি প্রতিষ্ঠা করেন ‘যুব উন্নয়ন পরিষদ’ নামে একটি সামাজিক ও যুবকল্যাণমূলক সংগঠন। সংগঠনটি যুব নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সমাজকল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় ২০২০ সালে কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করে। বর্তমানে আমিনুল হক সাদী সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ২০১৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষা শেষ করেও সরকারি চাকরির পেছনে না ছুটে তিনি আত্মকর্মসংস্থানকে বেছে নেন। কিশোরগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে প্রথম দফায় ৬০ হাজার টাকা ঋণ নিয়ে প্রতিষ্ঠা করেন ‘সাদী সমন্বিত কৃষি খামার’। ছোট পরিসরে শুরু করা সেই উদ্যোগ বর্তমানে একটি সফল কৃষিভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

বর্তমানে তাঁর নেতৃত্বে পাঁচ শতাধিক সদস্য নিয়ে যুব উন্নয়ন পরিষদ সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। সংগঠনটি যুব নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দেশের বিভিন্ন দুর্যোগ ও সংকটকালেও তিনি ছিলেন মানুষের পাশে। জাতীয় যুব দিবসসহ বিভিন্ন রাষ্ট্রীয় দিবস উদযাপন এবং সামাজিক সচেতনতা তৈরিতে তাঁর নেতৃত্ব প্রশংসিত হয়েছে। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তিনি নিজ এলাকার ছাত্র-যুবকদের সহায়তায় সক্রিয় ভূমিকা পালন করেন। পুলিশের গুলিতে পা হারানো শিক্ষার্থী জুনায়েদের পাশে দাঁড়ানোর পাশাপাশি গুলিবিদ্ধ সমাজকর্মী ও যুবদল নেতা মাসুম বিল্লাহ এবং আহত জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম নাঈমসহ আহতদের সহায়তায় এগিয়ে আসেন।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের স্বীকৃতি দিতে যুব উন্নয়ন পরিষদের উদ্যোগে এ পর্যন্ত শতাধিক গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব কল্যাণ তহবিল থেকে যুব উন্নয়নমূলক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে সংগঠনটি ৪০ হাজার টাকার অনুদান লাভ করে। সেই অর্থ দিয়ে সাদী তাঁর কৃষি খামারের কার্যক্রম আরও সম্প্রসারণ করেন। প্রকল্পের আওতায় মাছ চাষের পাশাপাশি পাঁচ হাজারেরও বেশি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

আমিনুল হক সাদীর উদ্যোগে ধাপে ধাপে প্রায় তিন হাজার বেকার যুবক ও যুব নারী বিভিন্ন প্রশিক্ষণের আওতায় এসেছে। তাঁদের মধ্যে তিন শতাধিক ব্যক্তি আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। তাঁর প্রচেষ্টায় অন্তত ১০ জন বেকার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছেন এবং আরও ১০ জন বিদেশে কর্মসংস্থানের সুযোগ লাভ করেছেন। তাঁর প্রতিষ্ঠানে নিয়মিত দুইজন এবং প্রকল্পভিত্তিক আরও পাঁচজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

করোনা মহামারির সময় তিনি এক হাজার অসচ্ছল মানুষের বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন সম্পন্ন করেন। পাশাপাশি ১০ হাজার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী বিতরণ করেন। সম্প্রতি পাঁচ শতাধিক শিক্ষার্থীর জন্য বিনামূল্যে টাইফয়েড টিকার নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেন। এছাড়া গ্রামে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে তিনি কয়েক শতাধিক দরিদ্র পরিবারকে সহায়তা দিয়েছেন। পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার, ১০ জন নারীকে সেলাই মেশিন এবং অসহায় মানুষের মাঝে কয়েক লাখ টাকার নগদ সহায়তা প্রদান করেছেন। এছাড়া ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

শিক্ষা বিস্তারেও তাঁর অবদান উল্লেখযোগ্য। পাঁচ শতাধিক শিশুকে বিনামূল্যে পাঠদান, যুব প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা, বয়স্ক শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন এবং ব্যক্তি উদ্যোগে একটি পাঠাগার প্রতিষ্ঠা করেছেন। ওই পাঠাগারে বর্তমানে প্রায় পাঁচ হাজার বই রয়েছে, যা গ্রামীণ জনগোষ্ঠীর জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

কৃষি উন্নয়নেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা। স্থানীয় কৃষকদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ‘কৃষক পার্টনার ফিল্ড স্কুল’। এই উদ্যোগের মাধ্যমে কৃষক-কৃষাণীদের আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।

দেশের বিভিন্ন জেলা ও জাতীয় পর্যায়ের সভা, সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়ে তিনি শতাধিক সনদ অর্জন করেছেন। আন্তর্জাতিক যুব সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ সামিট-এর বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য হিসেবেও যুব উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

শিক্ষাজীবনে খেলাধুলা, বিতর্ক, সাহিত্য, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে শতাধিক পুরস্কার ও সনদ অর্জন করেছেন আমিনুল হক সাদী। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে ক্রেস্ট ও তিন হাজার টাকার প্রাইজ বন্ড লাভ করেন। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় প্রায় ৫০টিরও বেশি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। যুব উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে সম্মানিত হয়েছেন।

আমিনুল হক সাদীর নেতৃত্বে পরিচালিত কার্যক্রম ইতোমধ্যে কিশোরগঞ্জে ইতিবাচক সামাজিক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর সফলতা দেখে অনেক বেকার তরুণ আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে আসছেন।

কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম শামীম বলেন, “আমিনুল হক সাদীর নেতৃত্বে পরিচালিত ‘যুব উন্নয়ন পরিষদ’ বর্তমান যুবসমাজের জন্য একটি অনুকরণীয় মডেল। তাঁর কর্মপরিকল্পনা, পাঠাগার প্রতিষ্ঠা এবং প্রশিক্ষণ কার্যক্রম অসংখ্য বেকার তরুণের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমি তাঁর উত্তরোত্তর সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করি।”

আমার বাঙলা/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌর...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির অভিযোগে দায়ের হওয়া পৃথক দুটি মাম...

জনসচেতনতার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পিরোজপুরে অপরাধ প্রতিরোধে সচেতনতা সভা

মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা