সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে নতুন করে আলোচনায় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ভিডিওতে তার কণ্ঠস্বর জড়িয়ে যাওয়া, ঢুলুঢুলু চোখ ও কথাবার্তার ধরন দেখে নেটিজেনদের একাংশ তাকে নেশাগ্রস্ত বলে দাবি করেছেন। তবে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, হ্যালোউইন উপলক্ষে চুলের সাজ নিয়ে ব্যস্ত হানিয়া। নিজের টিম ও হেয়ার স্টাইলিস্টের সঙ্গে কথা বলার সময় তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। নিজের চুল আড়াল করে উইগ পরানোর বিষয়েও স্টাইলিস্টকে নির্দেশ দিতে শোনা যায় তাকে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য শুরু হয়। কেউ কেউ তার কথা বলার ধরন ও অঙ্গভঙ্গি দেখে মাদক বা অ্যালকোহল গ্রহণের মতো দাবি তুলেছেন। তবে এসব দাবির কোনো প্রমাণ মেলেনি।
হানিয়ার ভক্তদের একটি অংশ এসব মন্তব্যের বিরোধিতা করেছেন। তাদের মতে, ভিডিও দেখে কাউকে নেশাগ্রস্ত বলে মন্তব্য করার মতো যথেষ্ট তথ্য নেই। তিনি হয়তো কোনো উদযাপন বা অনুষ্ঠানের প্রস্তুতির সময় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন।
অনেক দর্শকও মনে করছেন, একজন তারকার স্বাভাবিক আচরণকে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত করে বিতর্ক তৈরি করা হচ্ছে। তাদের মতে, প্রমাণ ছাড়া কোনো ব্যক্তিকে মাদক বা অ্যালকোহল গ্রহণের সঙ্গে জড়ানো উচিত নয়।
ভিডিওটি কোথায় ও কখন ধারণ করা হয়েছে, সে বিষয়েও এখন পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে হানিয়া আমির বা তার দলের পক্ষ থেকেও ভিডিওটি নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
এদিকে পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে অভিনয় করছেন হানিয়া আমির। ভাইরাল ভিডিওকে ঘিরে বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
আমার বাঙলা/ রাব্বি