তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি করেছে সৌদি আরব। মঙ্গলবার (২৫ আগস্ট) প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারি বাসভবন ও কার্যালয় এলিসি প্রাসাদে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
সৌদি আরবের পক্ষে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ফ্রান্সের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভৌত্রিন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।
নতুন এ প্রতিরক্ষা চুক্তির মূল লক্ষ্য দুই দেশের মধ্যে আধুনিক প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প ও সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করা। পাশাপাশি সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সামরিক প্রশিক্ষণ ও শিক্ষা ক্ষেত্রে বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের সুযোগও বাড়ানো হবে।
এর আগে গত ৭ আগস্ট পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা জোট গঠন করে সৌদি আরব। মক্কায় ওই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় সংবাদমাধ্যমে এটি ‘মক্কা জোট’ নামে পরিচিতি পায়। জোটটিতে সৌদি আরবের অর্থায়ন, তুরস্কের সামরিক প্রযুক্তি ও ড্রোন এবং পাকিস্তানের সামরিক জনবল ও পারমাণবিক সক্ষমতাকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখা হচ্ছে।
মক্কা জোট গঠনের মাত্র দুই সপ্তাহের মধ্যেই ফ্রান্সের সঙ্গে নতুন প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তিতে গেল সৌদি আরব। মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ চুক্তি দুই দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতাকে আরও বিস্তৃত করবে। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের মাধ্যমে উভয় দেশের জাতীয় সক্ষমতা জোরদার করতে ভূমিকা রাখবে।
আমার বাঙলা/ রাব্বি