কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার সংকটকে কেন্দ্র করে এক ডিলারের গুদামের দরজা ভেঙে সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মেসার্স শাহ আমানত ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে ৩৩ জন কৃষক ৩৩ বস্তা সার ফেরত দিয়েছেন।
স্থানীয়রা জানান, সার কেনার জন্য সকাল থেকেই ডিলার পয়েন্টে দুই শতাধিক কৃষক জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিলার পয়েন্ট না খোলায় একপর্যায়ে কৃষকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে কয়েকজন গুদামের দরজা ভেঙে ভেতরে ঢুকে সার বের করে নিয়ে যেতে শুরু করেন। এ সময় প্রায় ১৯৭ বস্তা সার নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের উদ্যোগে ৩৩ জন কৃষক তাদের নেওয়া ৩৩ বস্তা সার ফেরত দেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, শিলখুড়ি ইউনিয়নে সারের চাহিদা প্রায় ৪ হাজার বস্তা। এর বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে ১ হাজার ৩২০ বস্তা। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় কৃষকদের মধ্যে সার না পাওয়ার আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতিতেই তারা গুদাম থেকে সার নিয়ে যান।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে নেওয়া সার উদ্ধারের চেষ্টা চলছে।
আমার বাঙলা/ রাব্বি