আটলান্টার বিশাল স্টেডিয়ামে মিডিয়া সেন্টার থেকে সংবাদ সম্মেলন কক্ষে পৌঁছাতেই লাগে আধ ঘণ্টারও বেশি সময়। তার ওপর আর্জেন্টিনা-ইংল্যান্ডের ঐতিহাসিক দ্বৈরথ এবং বিশ্বকাপের সেমিফাইনাল—দুইয়ের আবহে সাংবাদিকদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল সংবাদ সম্মেলন কক্ষ।
ইংল্যান্ড দলের বেসক্যাম্প কানসাসে। সেখানে অনুশীলন শেষে তারা আটলান্টায় পৌঁছায়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তাদের সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও সেটি প্রায় আধ ঘণ্টা দেরিতে শুরু হয়। ফলে নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে যায় আর্জেন্টিনার সংবাদ সম্মেলনও।
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিকে সেমিফাইনাল ম্যাচের প্রস্তুতির পাশাপাশি দুই দলের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা নিয়েও নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। প্রায় আধ ঘণ্টার সম্মেলনের শেষ দিকে প্রশ্ন করার সুযোগ পান বাংলাদেশের এক সাংবাদিক।
প্রশ্নটি ছিল মাঠের কৌশল নয়, বরং বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থন নিয়ে। জবাবে স্কালোনি বলেন, ‘এত দূর থেকে বাংলাদেশ যেভাবে আর্জেন্টিনাকে সমর্থন করে, তা সত্যিই আমাদের বিস্মিত করে। বাংলাদেশে অনেক মানুষ আর্জেন্টিনার জার্সি পরে। বিষয়টি আমাদের কাছে দারুণ আনন্দের এবং খুবই সুন্দর। আশা করি আগামীকাল আমরা তাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারব।’
বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থন দীর্ঘদিন থেকেই। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে এটি সবচেয়ে বেশি আলোচনায় আসে। আর্জেন্টিনার কোচ স্কালোনি কাতার বিশ্বকাপে বাংলাদেশের উন্মাদনা নিয়ে নিজেই মন্তব্য করেছিলেন। এবার আর্জেন্টিনার ম্যাচের মিক্সড জোনে এমিলিয়েনো মার্টিনেজ, সংবাদ সম্মেলনে ব্রুনো গিমারেস বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন।
বাংলাদেশ বিশ্বকাপে খেলে না। এরপরও বাংলাদেশের সমর্থকদের ব্রাজিল-আর্জেন্টিনাকে সমর্থনের জন্য বিশ্বকাপে আলোচনা হয়। না খেলেও তাই বিশ্বকাপের অংশ হয় বাংলাদেশ।
আমার বাঙলা/ রাব্বি