যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে প্রায় ৪০ ঘণ্টা আটকে থাকার পর ঢাকায় ফিরেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা।
রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ২৪৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সময় শনিবার রাত ১১টায়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৩টার দিকে বিজি-৩০৬ ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে ঢাকায় পৌঁছায়।
বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে বিজি-৩০৬ ফ্লাইটটি পরিচালনা করা হয়।
এর আগে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ফ্লাইটটি বৃহস্পতিবার বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে।
তবে সেখানে অবতরণের পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় সেটি আর নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। এতে দীর্ঘ সময় বিমানবন্দরে আটকে থাকতে হয় যাত্রীদের।
পরে ঢাকায় থেকে বিমানের প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। তাদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় কাজ শেষে উড়োজাহাজটি পুনরায় উড্ডয়নের উপযোগী করা হয়।
ফ্লাইটটি দীর্ঘ সময় অচল থাকায় আড়াই শতাধিক যাত্রীকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। শেষ পর্যন্ত শনিবার রাতে রোম ছাড়ার পর রোববার দুপুরে তারা নিরাপদে ঢাকায় ফিরেছেন।
আমার বাঙলা/ রাব্বি