তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত ২০০ রানের লিড নেওয়া। সকালের আর্দ্রতায় ভরা উইকেটে কাজটি সহজ ছিল না। বিশেষ করে লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে ভাবলে চ্যালেঞ্জটা আরও কঠিন মনে হচ্ছিল। তবে সেই কঠিন কাজই দারুণভাবে করে দেখিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ রানের লিড নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে সফরকারীরা।
ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ২০০ বা তার বেশি রানের লিড নেওয়া বাংলাদেশের জন্য বেশ বিরল ঘটনা। ২৬ বছরের টেস্ট ইতিহাসে এবারসহ মাত্র চতুর্থবার এমন কীর্তি গড়ল বাংলাদেশ।
এর আগে তিনবার ২০০ রানের বেশি লিড নেওয়ার ঘটনা ঘটেছিল দেশের মাটিতে। এবারই প্রথম দেশের বাইরে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে এত বড় লিড পেল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই অর্জনের আরও একটি বিশেষত্ব রয়েছে। র্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে এই প্রথম ২০০ রানের লিড নিল বাংলাদেশ। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া এই লিড বাংলাদেশের জন্য একই সঙ্গে জোড়া ইতিহাসের জন্ম দিয়েছে।
তৃতীয় দিনের খেলা শুরু করার সময় বাংলাদেশের লিড ছিল ১৫৩ রান। দিনের শুরুতেই হাসান মাহমুদ ও পরে তাইজুল ইসলামের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দল। তবে এক প্রান্ত আগলে রেখে মেহেদী হাসান মিরাজ রানের চাকা সচল রাখেন।
মিরাজের দৃঢ় ব্যাটিংয়েই ধীরে ধীরে লিড ২০০ ছাড়িয়ে যায়। আর তাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সম্ভাবনাও আরও উজ্জ্বল হয়ে উঠেছে বাংলাদেশের। এখন এই বড় লিডকে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দ্রুত উইকেট তুলে নেওয়াই হবে সফরকারীদের মূল লক্ষ্য।
আমার বাঙলা/ রাব্বি