আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বাংলাদেশের আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগের অন্যতম প্রধান সাবমেরিন কেবল সি-মি-উই-৫ (এসএমডব্লিউ-৫) আবারও সচল হয়েছে। ফলে দেশে বড় ধরনের ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা আপাতত কেটে গেছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে কেবলটির পূর্ব ও পশ্চিম—দুই দিকের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে প্রায় আড়াই ঘণ্টা পর, বেলা পৌনে ২টার দিকে সংযোগ পুনরায় চালু হয়।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) সূত্র জানায়, এসএমডব্লিউ-৫-এর সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ইন্টারনেট সেবাদাতাদের (আইএসপি) বিকল্প আন্তর্জাতিক রুটে ট্রাফিক স্থানান্তর করতে হয়। এ সময় দেশের কিছু এলাকায় ইন্টারনেটের গতি কমে যাওয়া, বিদেশি ওয়েবসাইট ও সার্ভারে প্রবেশে বিলম্ব এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে সাময়িক সমস্যার সৃষ্টি হয়।
তবে যেসব আইএসপি দ্রুত বিকল্প আন্তর্জাতিক পথে ট্রাফিক স্থানান্তর করতে পেরেছে, তাদের গ্রাহকেরা তুলনামূলকভাবে কম সমস্যায় পড়েছেন।
বিএসসিপিএলসির কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের উপমহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) মো. জাহাঙ্গীর আলম শনিবার দুপুরে জানান, এসএমডব্লিউ-৫-এর সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বেলা পৌনে ২টার দিকে তা পুনরায় সচল করা হয়েছে। প্রাথমিকভাবে কেবলটির লাইনে পাওয়ার-সংক্রান্ত সমস্যার কারণে সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মূল কনসোর্টিয়ামের বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে বিএসসিপিএলসি। প্রাথমিকভাবে শ্রীলঙ্কার মাতারা এলাকার ল্যান্ডিং স্টেশনে বিদ্যুৎ সরবরাহ বা যন্ত্রপাতিগত সমস্যার সম্ভাবনার কথা জানা গেলেও বিষয়টি এখনো নিশ্চিত নয়।
উল্লেখ্য, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) সি-মি-উই-৪ ও সি-মি-উই-৫—দুটি আন্তর্জাতিক সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের সদস্য। এই দুটি কেবলের মাধ্যমে বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট ও আন্তর্জাতিক ভয়েস ট্রাফিক পরিচালিত হচ্ছে।
সি-মি-উই-৪-এর জন্য কক্সবাজারে বিএসসিসিএলের কেবল ল্যান্ডিং স্টেশন রয়েছে। অন্যদিকে, সি-মি-উই-৫-এর জন্য পটুয়াখালীর কুয়াকাটায় কেবল ল্যান্ডিং স্টেশন চালু রয়েছে।
আমার বাঙলা/ রাব্বি