ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শেষ হতে চলছে। এমন সময়ে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে নাটকও জমছে। ইরান দাবি করছে আলোচনায় তারা তখনই বসবেন, যখন তাদের দাবি মানা হবে। যুক্তরাষ্ট্র অবশ্য ‘দারুণ কিছুর’ জন্য আশাবাদী।
ঠিক এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন।
ট্রাম্প বলেছেন, কোনো চুক্তি যদি না হয়, তাহলে এটি বাড়ানোর সম্ভাবনা ‘খুবই কম’।
ব্লুমবার্গকে দেওয়া এক মোবাইল ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা বাড়ানোর সম্ভাবনা খুবই কম।’ যুদ্ধবিরতিটি মূলত দুই সপ্তাহের জন্য নির্ধারিত ছিল। এটি শুরু হয়েছিল গত ৭ এপ্রিল সন্ধ্যায়।
ট্রাম্প বলেন, খারাপ কোনো চুক্তি করার জন্য আমি তাড়াহুড়া করব না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।
যদি কোনো সমঝোতা না হয়, তাহলে আবার লড়াই শুরু হবে কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যদি কোনো চুক্তি না হয়, তাহলে আমি অবশ্যই তা আশা করব।’
এর আগে যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে ট্রাম্পের অবস্থান বারবার বদলাতে দেখা গেছে। গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে তাকে পাঁচবার একই প্রশ্ন করা হলে তিনি তিন ধরনের ভিন্ন উত্তর দেন।
অন্যদিকে ইরান তাদের অবস্থান পরিষ্কার করে রেখেছে। তেহরানের চাওয়া তাদের কিছু নির্দিষ্ট বিষয়ে চুক্তি। এরমাঝে অন্যতম হয়ে আছে যুদ্ধের ক্ষতিপূরণ ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ।