পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফের ওপর হামলার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জয়নগর কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, জয়নগর শিমুলতলা এলাকা থেকে প্রাইভেটকারে বাড়ি ফেরার পথে শরীফের গাড়ির গতিরোধ করেন কয়েকজন ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে শরীফকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে তার মাথার নিচের অংশ ও গলায় গুলি লাগে। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।
আহত অবস্থাতেও শরীফ নিজেই গাড়ি চালিয়ে জয়নগর স্বপ্নদ্বীপ রিসোর্টের ২ নম্বর গেট পর্যন্ত যান। সেখানে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীফের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে হামলার সঙ্গে কারা জড়িত, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
হামলার পর জয়নগর এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত শরীফকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমার বাঙলা/ রাব্বি