রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে প্রায় সাড়ে ৪৩ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও বাস চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে এ দুই রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।
তবে গোল্ডেন লাইন পরিবহনকে কেন্দ্র করে রাজবাড়ীর পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে বিরোধ এখনো পুরোপুরি মীমাংসা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার পর গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচলকে কেন্দ্র করে রাজবাড়ী-ফরিদপুর ও দৌলতদিয়া-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই জেলার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেকে বাধ্য হয়ে মাহেন্দ্র, অটোরিকশাসহ ছোট যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করেন।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে গোল্ডেন লাইন নিয়ে বিরোধ এখনো মেটেনি। প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আপাতত বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।
তিনি জানান, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চলাচলে তাদের আপত্তি নেই। তবে এর বেশি ট্রিপ চালাতে দেওয়া হবে না।
সুকুমার ভৌমিক আরও বলেন, মঙ্গলবারের ঘটনার পর ফরিদপুরে রাজবাড়ীর একটি বাসের গ্লাস ভাঙচুর, চালক ও হেলপারকে মারধর এবং ১৭ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় প্রশাসন বাস চলাচলের নিরাপত্তার দায়িত্ব নেওয়ায় তারা পুনরায় বাস চালুর সিদ্ধান্ত নিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের সূত্রপাত হয়। ওই সময় ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিবহন মালিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠকে সিদ্ধান্ত হয়, রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চলাচল করবে। উভয় পক্ষই ওই সিদ্ধান্ত মেনে নেয়।
তবে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর গোল্ডেন লাইন পরিবহন ওই সিদ্ধান্ত অমান্য করে ধীরে ধীরে ট্রিপ বাড়াতে থাকে বলে অভিযোগ রাজবাড়ী পরিবহন মালিক গ্রুপের। তাদের দাবি, কোনো কোনো দিন রাজবাড়ীর ওপর দিয়ে ২৮টি পর্যন্ত ট্রিপ চলাচল করেছে। এতে স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
পরিবহন সংশ্লিষ্টদের ভাষ্য, মঙ্গলবার সকালে রাজবাড়ীতে গোল্ডেন লাইন পরিবহনের চারটি বাস চলাচলের পর অতিরিক্ত বাস চলাচলে শ্রমিকরা বাধা দেন। এর জেরে ফরিদপুরে রাজবাড়ীর বাস আটকে দেওয়া হয়। এ সময় রেখা পরিবহনের একটি বাস ভাঙচুর এবং শ্রমিকদের মারধরের অভিযোগও করেন তারা।
রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. মাহমুদুল হক জুয়েলও বৃহস্পতিবার সকাল থেকে বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বাস চলাচল স্বাভাবিক হলেও গোল্ডেন লাইন পরিবহনের ট্রিপ সংখ্যা নিয়ে বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আপাতত বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সংশ্লিষ্টদের নিয়ে পরবর্তী বৈঠকে বসে বিরোধের স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
আমার বাঙলা/ রাব্বি