শৈশবের নস্টালজিয়াকে সঙ্গী করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় আবারও নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বোইজিতে মাত্র এক ঘণ্টায় ৪১৫টি কাগজের উড়োজাহাজ বানিয়ে এই ব্যতিক্রমী বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। এর মাধ্যমে প্রতিটি কাগজের প্লেন তৈরিতে তাঁর গড়ে সময় লেগেছে মাত্র ৮ দশমিক ৬৭ সেকেন্ড।
এর আগেও দুই শতাধিক বিশ্ব রেকর্ড গড়ার অনন্য কীর্তি রয়েছে ডেভিড রাশের ঝুলিতে। এছাড়া ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি গিনেস রেকর্ড গড়ার মালিকও তিনি।
গত ৩০ মে বোইজির ওয়াইএমসিএর র্যাকেটবল কোর্টে এই বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নেন ডেভিড রাশ। তবে কাজটি মোটেও সহজ ছিল না। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কঠোর নিয়ম মেনে প্রতিটি উড়োজাহাজ তৈরিতে সাত ধাপের নির্দিষ্ট ভাঁজ অনুসরণ করতে হয়েছে তাকে । শুধু প্লেন বানালেই চলত না, নিয়ম অনুযায়ী সেগুলোকে নির্দিষ্ট দূরত্ব অতিক্রমও করতে হয়েছে। ফলে পুরো প্রক্রিয়ায় গতি, নির্ভুলতা ও সমন্বয় বজায় রাখতে হয়েছে অত্যন্ত নিখুঁতভাবে।
নিজের এই সাফল্য সম্পর্কে অনলাইনে দেওয়া এক পোস্টে ডেভিড রাশ বলেন, ‘আমার সহকারীদের একটি দল কাগজ সরবরাহ, তৈরি করা উড়োজাহাজ নির্ধারিত বিচারকদের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো ছুড়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কি না, তা নিশ্চিত করার কাজে সহযোগিতা করেছে।’
এই রেকর্ডের পর থেমে থাকতে চান না ডেভিড রাশ। তাঁর পরবর্তী লক্ষ্য আরও দ্রুত কাগজের উড়োজাহাজ বানানো ও ছোড়ার রেকর্ড নিজের করে নেওয়া। উল্লেখ্য, বর্তমানে একটি কাগজের প্লেন তৈরি ও ছোড়ার ক্ষেত্রে সর্বনিম্ন ৪ দশমিক ৫৪ সেকেন্ডের রেকর্ড রয়েছে।
আমার বাঙলা/রাজীব