রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন, মস্কোর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে চান তিনি।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল আরাবিয়া জানিয়েছে, দেশটির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুতিনের পাঠানো শুভেচ্ছা বার্তার জবাবে কিম এই বার্তা দেন।
পুতিনকে পাঠানো চিঠিতে কিম জং উন বলেন, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার বিষয়ে পিয়ংইয়ংয়ের দৃঢ় ইচ্ছা রয়েছে।
তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে রাশিয়া সফল হবে বলে তিনি বিশ্বাস করেন। কিমের এই বক্তব্যকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অবস্থানের প্রতি সমর্থন হিসেবে দেখা হচ্ছে।
এ ছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির জনগণের প্রতি নিজের পূর্ণ সমর্থনের কথাও জানান উত্তর কোরিয়ার নেতা। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক দ্রুত ঘনিষ্ঠ হয়েছে। ২০২৪ সালে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা আরও বাড়ে। এর অংশ হিসেবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সহায়তার জন্য রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা পাঠানোর খবরও সামনে আসে। এতে আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এর আগে ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুতিনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও শুভেচ্ছা বার্তা পাঠান। শির বার্তার জবাবে কিম জং উনও চীনের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব বজায় রেখে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক ধরে রেখে উত্তর কোরিয়া আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে।
আমার বাঙলা/রাজীব