নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে কলেজ মাঠে রজনীগন্ধার স্টিক ও গোলাপের পাপড়ি ছিটিয়ে প্রায় ১ হাজার ৮০০ নবাগত শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সাংসদ তুহিনের স্ত্রী তামান্না ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক গোলাম মাজেদ, কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের সহসভাপতি রুহুল আমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শায়লা পারভীন। এ ছাড়া বক্তব্য দেন অধ্যাপক আলতাফ হোসেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক পায়েলুজ্জামান রক্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, সদস্যসচিব রাইসুল ইসলাম রানা এবং নবাগত শিক্ষার্থী দীপ্ত রায় চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। নীলফামারী থেকেই দেশসেরা, এমনকি বিশ্বসেরা হওয়া সম্ভব। আমাদের দেশের অনেক মানুষ বিশ্বের নামকরা প্রতিষ্ঠানে চাকরি করছেন।’
নীলফামারী সরকারি কলেজের উন্নয়ন প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘গত ১৭ বছরে এই কলেজের উন্নয়ন কেন হলো না? এই আসনে এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন। এমপি-মন্ত্রীর অন্যতম দায়িত্বই হলো এলাকার উন্নয়ন করা। তাহলে তারা কেন এই কলেজের উন্নয়ন করেননি?’
তিনি কলেজে ছাত্রাবাস ও একাডেমিক ভবন নির্মাণ, কয়েকটি বিষয়ে মাস্টার্স কোর্স চালুর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া এবং শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাস সার্ভিস চালুর আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম্মেল হক।
এর আগে কলেজের স্বাস্থ্যকেন্দ্র উদ্বোধন ও ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
আমার বাঙলা/ রাব্বি