পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর বরিশালের ৭ পদাতিক ডিভিশন।
ক্যাম্প পরিদর্শন করেন বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের ২৮ ব্রিগেড কমান্ডার। এ সময় তিনি চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরামর্শ দেন।
মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় রোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
গ্রামের দরিদ্র ও অসহায় মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
আমার বাঙলা/ রাব্বি